পোষাক রপ্তানিতে করমুক্তির সুবিধার মেয়াদ আরো ছয় মাস বাড়তে পারে
তৈরি পোষাক রপ্তানির ক্ষেত্রে বিদেশ থেকে আনা পণ্যের ওপর করমুক্তি (বন্ডিং) সুবিধার মেয়াদ আরো ছয় মাস বাড়তে পারে। বৃহষ্পতিবার দুপুরে বাংলাদেশ তৈরি পোষাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুল করিম এরকম ইঙ্গিত দিয়েছেন।
২০০৪ সালে শুল্ক আইন সংশোধন করে করমুক্তি ১৫ মাসে সীমিত করা হয়। এর পর থেকে এ মেয়াদ কমপক্ষে ২৪ মাস করার জন্য বিজিএমইএ দাবি করে আসছিল।
করহীনতার মেয়াদ বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে একমত হয়ে আব্দুল করিম বলেন, পোষাক খাতের বর্তমান ‘বন্ডিং’ মেয়াদ বর্তমানের ১৫ মাসের পরিবর্তে ২১ মাস করা যেতে পারে।
বৈঠকে ‘বন্ডিং’ মেয়াদ ছাড়াও, ‘বন্ড’ লাইসেন্স স্থগিতকরণ, শর্ট শিপমেন্ট এবং প্রাইভেট আইসিডিসহ কাস্টম ও বন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে বিজিএমইএর পক্ষ থেকে ২৪টি বিষয়ে প্রস্তাব করা হয়।
এসব নীতিগত সমস্যা সমাধানে আব্দুল করিম রাজস্ব বোর্ডের ভ্যাট, কাস্টমস ও আয়কর সদস্য এবং বিজিএমইএর তিন সদস্যের সমন্বয়ে ৬ সদস্যের একটি ‘কোর কমিটি’ গঠন করার নির্দেশ দেন।
তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে এ কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজিএমএ ভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এসএস ফজলুল হক, ইশতিয়াক রহমান, আনোয়ার পারভেজ চৌধুরী, মাহবুব চৌধুরী, রাজস্ব বোর্ডের সদস্য কাস্টম এ টিএম সারওয়ার হোসেন এবং বন্ড কমিশনার আতিকুর রহমান।
ফজলুল হক বলেন, শুল্ক ব্যবস্থা ও বন্দরের জটিলতা না কমালে রপ্তানি আয় বাড়বে না।
বিজিএমইএ নেতারা রপ্তানির ২৪ ঘন্টার মধ্যে শিপিং বিলের কপি শিপিং কোম্পানি থেকে উদ্ধারের দাবি জানান। তারা জানান, শিপিং কোম্পানিগুলো ঠিকমত শিপিং বিলের কপি না দেওয়া রপ্তানি প্রমাণ করার সুযোগ থাকে না।
শিপিং বিলের কপি না পাওয়ার উদাহরণ দিতে গিয়ে বিজিএমইএ পরিচালক মাহবুব চৌধুরী বলেন, ২০০৫ সালে আহসান গার্মেন্টস ৭৭টি চালান রপ্তানি করলেও এখন পর্যন্ত মাত্র ২৬ টি চালানের শিপিং বিলের কপি পেয়েছে।
সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) কর মওকুফের বিরুদ্ধে অবস্থান তুলে ধরে তিনি বলেন, রপ্তানি খাতের জন্য সরকার কর মওকুফ নীতির বিরুদ্ধে আইএমএফ এর চাপ রয়েছে, আবার একই সঙ্গে বিশ্ব ব্যাংক কর হার কমানোর জন্য চাপ অব্যাহত রয়েছে।
এ সময়ে পোষাক শিল্প মালিকদের কর দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান আব্দুল করিম বলেন, দেশের অনেক বড় বড় পোষাক শিল্প প্রতিষ্ঠান আয়কর দেয় না বলেই রাজস্ব বোর্ড মোট রপ্তানির ওপর আয়কর নির্ধারণ করতে বাধ্য হয়েছে ।
রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সামনে বিজিএমইএ নেতারা চট্টগ্রাম কাস্টমস হাউজের বেশ কিছু দুর্নীতির বিষয়ে তুলে ধরলে, তিনি বলেন, আপনার সুনির্দিষ্ট অভিযোগ জানালে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
