২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশকে আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে রাজনৈতিক চিন্তার পরিবর্তন প্রয়োজন: পরামর্শ সভায় সুশীল সমাজের নেতৃবৃন্দ

আগামী ১৫ বছরে বাংলাদেশকে একটি আঞ্চলিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করতে হলে দেশের অবকাঠামোগত যোগাযোগ বাড়াতে হবে। গড়ে তুলতে হবে একটি শক্তিশালী তথ্য প্রযুক্তিগত নেটওয়ার্ক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তবে এজন্য দেশের রাজনৈতিক দলগুলোর চিন্তা - চেতনার পরিবর্তন ও বিনিয়োগকারীদের নতুন উদ্যোগ প্রয়োজন।

নাগরিক কমিটি ২০০৬ এর উদ্যোগে বুধবার নগরীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষজ্ঞ পরামর্শ সভায় সুশীল সমাজ এই অভিমত ব্যক্ত করেন।

‘বাংলাদেশের রূপকল্প ২০২১, অভীষ্ট ছয়: বৈশ্বিক কাঠামোর সঙ্গে সুসম্পৃক্ত একটি অর্থনৈতিক ও বাণিজ্যিক আঞ্চলিক কেন্দ্রে পরিণত হওয়া’ শীর্ষক এই সভায় যৌথভাবে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়লগ  (সিপিডি) এর ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ মঞ্জুর এলাহী ও মেট্রোপলিটান চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এমএমসি) সভাপতি লতিফুর রহমান।

এতে সিপিডির নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে অভীষ্ট বাণিজ্যিক লক্ষ্যে পৌঁছাতে হলে রাজনৈতিক চিন্তার ব্যাপক পরিবর্তন প্রয়োজন। এছাড়া দরকার নানা ব্যক্তিমুখী উদ্যোগ।

তিনি বলেন, ওই অভীষ্ট লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে রাজনৈতিক সংলাপ চালু করা দরকার।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম. সাইদুজ্জামন বলেন, আঞ্চলিক ও বহির্অঞ্চলীয় শিল্প - বাণিজ্যিক সংস্থাগুলোকে বিনিয়োগ করার জন্য একটি দীর্ঘ মেয়াদী সুস্পষ্ট বিপণন কৌশল অবলম্বন করা উচিত।

সিপিডির কর্মসূচি পরিচালক ড. রহমত উল্লাহ প্রস্তাব রেখে বলেন, ১৫ বছরের মধ্যে দেশকে সুদৃঢ় অর্থনীতির ওপর দাঁড় করাতে হলে চট্টগ্রাম উপকূলভাগে সুবৃহৎ বন্দর তৈরি করা প্রয়োজন। এই বন্দরটি বাংলাদেশ, নেপাল, ভূটান, পূর্ব ভারত, মিয়ানমার ও দক্ষিণ - পশ্চিম চীন পর্যাপ্ত ব্যবহার করতে পারে।

তিনি বলেন, ওই পাঁচটি দেশকে সংযুক্ত করে রেল যোগাযোগ ও সুপার হাইওয়ে নির্মাণ করা গেলে দেশী - বিদেশী  বিনিয়োগ ও ব্যবসা - বাণিজ্য বাড়বে, বৃদ্ধি পাবে আমদানী ও রপ্তানী আয়।

বিজিএমইএ এর সভাপতি ফজলুল হক বলেন, রাজনৈতিক দলগুলোর মতৈক্য ছাড়া প্রস্তাবিত ওই লক্ষ্যে পৌঁছানো অসম্ভব।

তিনি বলেন, একটি সরকারের পঞ্চবার্ষিক বাণিজ্যিক পরিকল্পনা পরের সরকার আর অনুসরণ করে না; তারা তৈরি করে আরেকটি নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা। এটি ওই লক্ষ্যকে বাস্তবায়ন করার পথে একটি বড় প্রতিবন্ধকতা।

পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সোনালী ব্যাংকের চেয়ারম্যান আজিজুল ইসলাম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব মুজিবল হক, সাবেক বাণিজ্য সচিব সোহেল এ. চৌধুরী, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক, সাংসদ সৈয়দ আবুল হোসেন, নাগরিক কমিটির যুগ্ম সম্পাদক লায়লা কবির প্রমুখ উপস্থিত ছিলেন।