উত্তরাঞ্চলে ডিজেলের তীব্র সংকটে তেল পরিবেশক সমিতির উদ্বেগ
উত্তরাঞ্চলে গত এক সপ্তাহ ধরে ডিজেলের তীব্র সংকট দেখা দেওয়ায় বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি উদ্বেগ প্রকাশ করেছে।
সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান ও মহাসচিব সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, উত্তরাঞ্চলে ডিজেলের মজুদ শূণ্যের কোটায়। বাঘাবাড়ি, হরিয়ান, রাজশাহী, নাটোর, পার্বতীপুর ও রংপুর ডিপো প্রায় শূণ্য।
তারা বলেন, প্রতিদিন চাহিদার তুলনায় মাত্র ৪০ ভাগ ডিজেল পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হচ্ছে। কয়েকশো এজেন্টকে ডিজেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে পেট্রোল পাম্পগুলোতে অনেক বেশি ভিড় থাকায় প্রতিনিয়ত আপ্রীতিকর ঘটনা ঘটছে।
তবে কবে নাগাদ ডিজেলের সরবরাহ স্বাভাবিক হবে সে সম্পর্কে কর্তৃপক্ষ সুনির্দ্দিষ্ট কিছু বলতে পারছেন না। উত্তরাঞ্চলে বৃষ্টি এবং বন্যার পানি না থাকায় কৃষি কাজের জন্য কৃষকরা ডিজেল নির্ভর নলকূপের ওপর নির্ভরশীল হওয়ায় এ সংকটের মুখে আবারও বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে বলে তারা আশংকা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে নেতারা অবিলম্বে উত্তরাঞ্চলের ডিজেল সরবরাহ স্বাভাবিক করার জন্য জ্বালানী মন্ত্রলণালয়, বিপিসি ও তেল কোম্পানিগুলোর প্রতি আহবান জানান।
সঠিক সময়ে ডিজেল সরবরাহ না করলে পূর্বের ন্যায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে এবং তার দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে তারা জানান।
