২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিঃসমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের আগেই ভূকম্পন জরিপ জরুরি: আইওসি

বহিঃসমুদ্রে তেল ও গ্যাস অনুসন্ধানে তৃতীয় দফা দরপ্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো (আইওসি) সুনিশ্চিত ভূকম্পন জরিপ পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2006, 08:34 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

সমুদ্রে তেল - গ্যাস আছে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্যই তারা এই জরিপের ওপর গুরুত্ব আরোপ করেছে। 

জ্বালানি বিভাগের সূত্র সোমবার বিডিনিউজকে জানায়, সম্প্রতি পাঠানো চিঠিতে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)সহ তিনটি আন্তর্জাতিক তেল কোম্পানি জানিয়েছে হাইড্রোকার্বনের উপস্থিতি নিশ্চিত করে কোনও তথ্য প্রদান করা না হলে অনেক আন্তর্জাতিক কোম্পানিই বহিঃসমুদ্রে জ্বালানি ও গ্যাস অনুসন্ধান সংক্রান্ত দর প্রক্রিয়ায় অংশ নেবে না।

সূত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগ ভূকম্পন জরিপ সংক্রান্ত সারসংক্ষেপ শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে।

সময়ের স্বল্পতার কারণে এ বছরের এপ্রিলে সরকারের ভূকম্পন জরিপের পরিকল্পনা দরপত্র প্রক্রিয়া থেকে বাদ পড়ে যায় বলে সূত্র জানায়।

এর আগে ভূকম্পন জরিপ প্রক্রিয়ার খসড়া মন্ত্রিপরিষদের বৈঠকে আলোচনার জন্য পেশ করা হয়। মন্ত্রিপরিষদ বিশেষজ্ঞ কমিটির মতামতসহ এটি পুনরায় পাঠানোর পরামর্শ দেয়।

সূত্র জানায়, প্রক্রিয়া অনুযায়ী এক লাখ ৬০০ বর্গ কিলোমিটার গভীর সমুদ্র এলাকায় এ জরিপ চালানোর কথা ছিল। এজন্য ৩০ থেকে ৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হওয়ার কথা।

এ সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বৈঠকে মতামত দেওয়া হয় যে, জরিপ পরিচালনাকারী জরিপের তথ্যের জন্য চড়া দাম হাঁকলে কোনও কোনও কোম্পানি আগ্রহ হারিয়ে ফেলবে এবং এতে করে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে।

এর আগে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান বলেছিলেন, একজন রসায়ন প্রকৌশলী হিসেবে আমি এটা সমর্থন করব না। ভূকম্পন পরিস্থিতি সম্পর্কে সুনিশ্চিত তথ্য ছাড়া কোনও আন্তর্জাতিক কোম্পানিকে দর প্রক্রিয়ায় ডাকা সরকারের জন্য কোনও বিচক্ষণ সিদ্ধান্ত হবে না।

তিনি বলেন, জরিপের তথ্য না থাকায় বিখ্যাত কোনও আন্তর্জাতিক  তেল কোম্পানি দর প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী হবে না।

ভূকম্পন জরিপের মূল লক্ষ্য হচ্ছে গভীর সমুদ্রের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত হাইড্রোকার্বনের সম্ভাব্য উপস্থিতি সম্পর্কে একটি বস্তুনিষ্ঠ চিত্র তুলে ধরা।

বর্তমানে তৃতীয় দফা দর প্রক্রিয়ার জন্য খসড়া দরপত্র আইন মন্ত্রণালয়ের যাচাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে।

জ্বালানি উপদেষ্টা বিডিনিউজকে জানান, আইন মন্ত্রণালয়ের যাচাই ও পরবর্তীতে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য যেহেতু বেশি সময় লাগবে না, তাই মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য আমরা আশা নিয়ে অপেক্ষা করছি।

এ সরকারের আমলেই বহিঃসমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের ব্যাপারে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে তিনি জোরারোপ করেন।