২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার: রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র

উপ কর কমিশনাররা তাদের ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে সরকারকে মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত করছে। নিরীক্ষা চালানোর সময় করদাতাদের স্বনির্ধারণী পদ্ধতিতে বাছাই করা আয় ও সম্পদ বিবরণীতে দেওয়া ভুল বা প্রয়োজনীয় তথ্য এড়িয়ে যাওয়ার মাধ্যমে তারা এ কাজ করছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

স্বনির্ধারণী পদ্ধতিতে করদাতারা সরকারি এই কর্মকর্তাদের সহায়তায় বছরের পর বছর ধরে বিপুল পরিমাণে কর ফাঁকি দিয়ে আসছে। নিরীক্ষা চালানোর সময় তারা সহজেই আগের দেওয়া তথ্যকে ভুল বলে দাবি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর কর্মকর্তা বিডিনিউজকে জানান, স্বনির্ধারণী পদ্ধতিতে একজন করদাতা তার নিজের হাতে লেখা সম্পদের বিবরণীতে জানাচ্ছেন ৩৯ লাখ ২৮ হাজার নগদ অর্থের কথা। পরে আবার ফাইল নিরীক্ষার সময় পূর্বের দেওয়া তথ্যকে ভুল বলে চালিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলের উপ কর কমিশনার নিরীক্ষা শেষে ওই করদাতার নগদ অর্থের পরিমাণ ১১ লাখ ২৭ হাজার ৮২১ টাকা নির্ধারণ করে দেয়।

অপর এক করদাতা তার আয়ের বিবরণীতে নগদ অর্থের পরিমাণ ৭০ লাখ টাকা উল্লেখ করলেও নিরীক্ষার সময় তার কাছে সমপরিমাণ নগদ অর্থ নেই বলে জানান।

আয়কর অধ্যাদেশের ৮৩এ ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত আয়কর কর্মকর্তা স্বনির্ধারণী প্রক্রিয়ায় আয় ও সম্পদ বিবরণীতে ভুল ও অসত্য তথ্য দেওয়া হয়েছে বলে সন্দেহ হলে উপ কর কমিশনারদের কাছে তা মূল্যায়নের জন্য পাঠানোর কথা।

আয়কর অধ্যাদেশের ১২৮ ধারায় স্বনির্ধারণী আয় ও সম্পদ বিবরণীতে ভুল ও অসত্য তথ্য দেওয়ার প্রমাণ পেলে যে পরিমাণ  অর্থের তথ্য গোপন করা হয়েছে তার পাঁচগুণ পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। কিন্তু বাস্তবে এ পরিমাণ জরিমানা আদায়ের কোনও উদাহরণ দেখা যায় না বলেও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন সূত্র জানিয়েছে।

একজন অতিরিক্ত কমিশনার কিংবা একজন যুগ্ম কমিশনার এবং একজন উপকর কমিশনারকে নিয়ে গঠিত দুই সদস্যের একটি দল এ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু অতিরিক্ত কর কমিশনার কিংবা যুগ্ম কর কমিশনারের সময়ের স্বল্পতার কারণে উপ কর কমিশনারকেই এ ব্যাপারে সিদ্ধান্ত দিতে হয়। এক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের কারণে অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র তার রাজস্ব থেকে বঞ্চিত হয়।

ঢাকায় আটটি, চট্টগ্রামে তিনটি এবং খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও বরিশালে একটি করে আয়কর অঞ্চল রয়েছে। প্রতিটি অঞ্চলের অধীনে ২৩ টি করে সার্কেল রয়েছে।

আয়কর কর্মকর্তারা বলেছেন, প্রতিটি সার্কেল থেকে গড়ে প্রায় ৫০টি স্বনির্ধারণী পদ্ধতির আয়কর রিটার্ন নিরীক্ষা করা হয় এবং সারা দেশে বছরে এ সংক্রান্ত প্রায় এক হাজার ফাইল নিরীক্ষা করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (আয়কর নীতি) এএস জহির মোহাম্মদ বিডিনিউজকে বলেন, কিছু ক্ষেত্রে দর কষাকষিতে যেতে হয়, যাতে কর দাতারা সংশোধিত রিটার্ন দাখিল করতে পারে এবং রাষ্ট্র রাজস্ব থেকে বঞ্চিত না হয়।