পাবনার ক্যালিকো মিল ১৬ বছর ধরে বন্ধ থাকায় ১০ হাজার মানুষের মানবেতর জীবনযাপন
পাবনার ঐতিহ্যবাহী ক্যালিকো কটন মিল ১৬ বছর ধরে বন্ধ থাকায় ১০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে। কারখানা শ্রমিকরা জানান, ক্যালিকো কটন মিল-এ একসময় হাজারেরও বেশি শ্রমিক কর্মরত ছিল। কিন্তু ১৯৯৩ সালের এপ্রিল মাসে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কারখানায় কর্মরত শ্রমিক পরিবারের প্রায় ১০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছে।
ইতোমধ্যে ছয়জন শ্রমিক থাকা, খাওয়া এবং চিকিৎসার অভাবে মারা গেছেন।
স্থানীয়রা জানান, ক্যালিকো কটন কারখানা বর্তমানে অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। সংঘবদ্ধ দৃর্বৃত্তরা কারখানার ইট, টিন, রড, দরজা জানালাসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে যাচ্ছে। কারখানার ভিতরে চলছে নেশাখোর এবং সন্ত্রাসীদের আড্ডা।
পাবনার রাজাপুরে ১৯৬৭ সালে ব্যক্তি মালিকানায় ২২ কোটি টাকা ব্যয়ে এক একর ৯২ শতাংশ জমির উপর এই কারাখানাটি স্থাপন করা হয়। ১৯৬৯ সালে উৎপাদন শুরু হওয়ার পর উৎপাদিত সুতার গুণগতমান উন্নত হওয়ায় প্রতিষ্ঠার সময় থেকেই কারখানাটি সুনাম অর্জন করে।
১৯৭২ সালে জাতীয়করণের মাধ্যমে কারখানার ব্যবস্থাপনার দায়িত্ব বিটিএমসির উপর ন্যস্ত করা হয়। দীর্ঘ ১৩ বছর বিটিএমসির অধীনে থেকে কারখানাটি দুর্নীতির কবলে পড়ে উৎপাদন ব্যাহত ও লোকসান গুণতে থাকে। এ কারণে ১৯৮৩ সালে সরকার কারখানার ব্যবস্থাপনার দায়িত্ব পুনরায় সাবেক মালিকদের কাছে ফিরিয়ে দেয়। এসময় সরকার ও মালিক পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে কারখানার ৪৯ শতাংশ অংশীদারিত্ব সরকারের এবং ৫১ শতাংশ মালিকপক্ষকে হস্তান্তর করা হয়।
কারখানাটি ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়ার পর উৎপাদন সন্তোষজনক পর্যায়ে পৌঁছে এবং তা আবার লাভের মুখ দেখে। কারখানার উৎপাদিত সুতার চাহিদাও ব্যাপক হারে বেড়ে যায়। কারখানার যন্ত্রপাতি আধুনিকীকরণ ও চলতি মূলধন বৃদ্ধির লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষ ব্যাংকের কাছে ঋণ চাইলেও তা পাওয়া যায়নি।
এসময় বিদ্যুৎ বিভাগ কারখানার সাড়ে ১০ লাখ টাকা বকেয়ার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
এর পাশাপাশি শ্রমিক নেতৃত্বে দু’ গ্র“প শ্রমিকের রক্ষক্ষয়ী যুদ্ধে একজন শ্রমিক নিহত ও বেশকিছু শ্রমিক আহত হয়। এছাড়া অতিরিক্ত শ্রমিক নিয়োগ এবং শ্রমিক অসন্তোষের কারণে ১৯৯৩ সালে এপিল মাসে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।
দেশের অর্থনৈতিক ভিত মজবুত, পোষাক শিল্পের উন্নয়ন ও বৈদেশিক সুতা আমদানি হ্রাসে ব্যবসায়ীরা কারখানাটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন।
