চট্টগ্রাম বন্দরে কম্পিউটারাইজড ম্যাপিং সিস্টেম চালুর দাবি জানিয়েছে বিজিএমইএ
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের অবস্থান নির্দেশ করতে কম্পিউটারাইজড ম্যাপিং সিস্টেম চালু এবং বন্দরের ভেতরেই কাভার্ড ব্যান সিলগালা করার দাবি জানিয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সাথে সাক্ষাত শেষে শনিবার বিজিএমইএ সভাপতি ফজলুল হক বিডিনিউজকে জানান, কম্পিউটারাইজড ম্যাপিং সিস্টেম চালু করলে শুধু সময়ই বাঁচবে না, বরং তৈরি পোশাক রপ্তানির খরচও কমে আসবে। কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তপক্ষের দুর্নীতির কারণে তা হচ্ছে না।
তিনি বলেন, ম্যানুয়েল সিস্টেমের কারণে কন্টেইনারের অবস্থান জানা খুব কঠিন হয়ে পড়ে। প্রত্যেক কন্টেইনারের অবস্থান জানতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দুই হাজার টাকা আদায় করছে। অথচ এ জন্য বন্দরে কম্পিটারাইজড সিস্টেম থাকলেও কর্তৃপক্ষ তা কাজে লাগাচ্ছে না।
এর আগে বিজিএমইএ নেতারা নৌপরিবহন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সাথে সাক্ষাত করেন। এ সময় নেতারা চট্টগ্রাম বন্দর কর্তপক্ষের কতিপয় কর্মকর্তার দুর্নীতি ও অব্যবস্থাপনার বিভিন্ন প্রমাণ প্রতিমন্ত্রী কাছে তুলে ধরেন।
