মূল্য বৃদ্ধিতে সিন্ডিকেটের জড়িত থাকার কথা প্রত্যাখ্যান করেছেন আমদানিকারকরা
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার পেছনে সিন্ডিকেট জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ভোজ্য তেল ও ডাল আমদানিকারকরা। দাম বাড়ার কারণ হিসেবে তারা পরোক্ষ মূল্যকে দায়ী করেন।
আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনায় রেখে ভোজ্য তেল ও ডাল আমদানির ক্ষেত্রে মূল্যের পরিবর্তে পণ্যের পরিমাণের ভিত্তিতে নির্দিষ্ট হারে আমদানি শুল্ক আরোপের দাবি জানান।
আসন্ন রমজানের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল রাখার উদ্দেশ্যে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ বুধবার আমদানিকারকদের সাথে মতবিনিময়কালে আমদানিকারকরা একথা বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান মো. আশরাফুল আলম, যুগ্মসচিব মোহাম্মদ আলী, প্রধান নিয়ন্ত্রক এমএ সবুর, টিকে গ্র“প অব ইন্ডাস্ট্রিজের তারিক আহমেদ, সিটি গ্র“প অব ইন্ডাস্ট্রিজের এমএম হামিদ, ঢাকা সিটি এগ্রিকালচারাল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের খন্দকার বাবুল, বায়েজিদ ট্রেডার্সের আবুল বাতেন উপস্থিত ছিলেন।
নিত্যপ্রয়োজনীয় ও কৃষিবিষয়ক জিনিসপত্রের আমদানিকারকরা সাপ্তাহিক ছুটির দিনেও স্থল বন্দর খোলা রাখার ব্যাপারে অনুরোধ জানান। বিশেষ করে পচনশীল জিনিসপত্রের জন্য তারা এ সুবিধা দাবি করেন। এ ছাড়া তারা চট্টগ্রাম বন্দরে প্রয়োজনীয় জিনিসপত্র অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ছাড় করার ব্যাপারে বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
বাণিজ্য সচিব জানান, ভোজ্য তেল ও ডাল আমদানির জন্য নির্দ্দিষ্ট আমদানি শুল্ক আরোপের ব্যাপারে দর বিশ্লেষণের পর বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব রাখা যেতে পারে।
এ ছাড়া জনগণকে মূল্য সম্পর্কে সচেতন করার জন্য টিসিবি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দৈনিক মূল্য গণমাধ্যমে প্রচার করবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
সিটি কর্পোরেশনের সহায়তায় প্রত্যেক বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের প্রাত্যহিক মূল্য তালিকা প্রকাশের দাবি জানান আমদানিকারকরা।
আমদানিকারকরা জানান, গত তিন সপ্তাহে সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে ৯০ - ৯৫ মার্কিন ডলার থেকে বেড়ে টনপ্রতি ৫২০ ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে রমজানে ভোজ্য তেল ও ডালের দাম বাড়তে পারে বলে আমদানিকারকরা আশঙ্কা প্রকাশ করেন।
তবে ওই সময় রসুন, পেঁয়াজ ও আদার দাম বাড়বে না বলে আমদানিকারকরা বাণিজ্য সচিবকে আশ্বস্ত করেন।
