বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানের দায়ের করা মামলায় সিপিডি’র ৫ ট্রাস্টি’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) ট্রাস্টি প্রফেসর রেহমান সোবহান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, এম সাঈদুজ্জামান, মঞ্জুর এলাহি এবং লায়লা কবীরের বিরুদ্ধে আদালত বুধবার গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন।
জ্বালানী উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমানের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।
সিপিডি’র ধানমন্ডি কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির কর্মকর্তারা বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে ‘রাজাকার’ বলায় ক্ষুব্ধ হয়ে বুধবার ঢাকার সিপিএম আদালতে তিনি এ মামলা দায়ের করেন।
মামলার আরজিতে তিনি বলেন, অভিযুক্তরা ৮ আগস্ট সকালে সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ, অসৌজন্যমূলক, বানোয়াট মন্তব্য ও বক্তব্য পরিবেশন করেন। যা পরের দিন ‘দ্য নিউজ টুডে’ পত্রিকায় ‘মাহমুদুর রহমান এ কোলেবোরেটর’ ও ‘দৈনিক ইনকিলাব’ এ ‘অনেকে বলেন উনি নাকি একাত্তরে রাজাকার ছিলেন’ শিরোনামে খবর আকারে প্রকাশিত হয়। যা দেশে ও বিদেশে তার ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
বাদী তার জবানবন্দীতে বলেন, পাকিস্তান সরকারের অধীনে পরীক্ষা দিতে হবে বলে তিনি ১৯৭১ সনে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষাই দেননি। অথচ অভিযুক্তরা তাকে ’রাজাকার’ বলেছে। শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোহাম্মদ মুজিবুল হক সিপিডি’র ওই পাঁচ ট্রাস্টির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
মামলার পরবর্তী তারিখ আগামী ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।
