টাঙ্গাইলে ৫ হাজার তাঁত শিল্প বন্ধ হয়ে গেছে
টাঙ্গাইল তাঁত শাড়ি তৈরির এলাকা হিসেবে সুপরিচিত কালিহাতী উপজেলার বল্লা রামপুরে গত চার মাসে পাঁচ হাজার তাঁত বন্ধ হয়ে গেছে। সুতাসহ অন্যান্য সামগ্রীর মূল্য বিগত চার মাসে ২০ থেকে ২৫ ভাগ বৃদ্ধি পাওয়ায় এবং সে তুলনায় শাড়ির মূল্য বৃদ্ধি না পাওয়ায় একর পর এক তাঁত বন্ধ হয়ে যাচ্ছে।
বাজারে চাহিদানুযায়ী সুতা থাকার পরও মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় আগামী কয়েক মাসের মধ্যেই অধিকাংশ তাঁত বন্ধ হয়ে যাবে বলে তাঁত মালিক ও ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করছেন।
সুতাসহ অন্যান্য উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বল্লাবাজার এলাকায় ব্যবসায়ীরা মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। আগামীতে কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করবেন বলে তারা জানান।
সরেজমিনে গিয়ে জানা যায়, কালিহাতী উপজেলার বল্লা এবং আশপাশের এলাকায় প্রায় ২৫ হাজার তাঁত রয়েছে। জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক তাঁত রয়েছে এই এলাকায়।
ব্যবসায়ীরা জানান, ৮২/১ কাউন্টের ইকো ৫৪ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬৬ হাজার, সায়হাম ৫৬ হাজার থেকে ৬৭ হাজার, ৭৪/১ কাউন্টের সুতা ৫১ হাজার থেকে বৃদ্ধি পেয়ে ৬৩ হাজার, নাহিদ ৫৩ হাজার থেকে ৬৩ হাজার, রাসেল ৫৪ হাজার থেকে ৬৬ হাজার টাকা হয়েছে। এছাড়া পলেস্টার ৩৬ হাজার থেকে ৪০ হাজার এবং প্যালেক্স ২৮ হাজার থেকে বেড়ে ৩৬ হাজার টাকা হয়েছে।
বল্লা তাঁত মালিক সমিতির সভাপতি মোফাখখারুল ইসলাম জানান, প্রতি সপ্তাহেই এসব সামগীর দাম বাড়ছে। কিন্তু সে তুলনায় তাঁতের তৈরি শাড়ির দাম বাড়েনি। ২শ’ টাকা মূল্যের শাড়িতে আগে যেখানে ২০--৩০ টাকা লাভ হতো এখন সেখানে লাভতো হচ্ছেই না বরঞ্চ ক্ষতি হচ্ছে। প্রতি সপ্তাহের শনিবার তাঁত শ্রমিকদের মজুরি দিতে হয়। সেজন্য বাধ্য হয়েই স্বল্প পুঁজির তাঁত মালিকদের লোকসান দিয়ে শাড়ি বিক্রি করতে হচ্ছে। ইতোমধ্যে এলাকার প্রায় ২০ ভাগ তাঁত বন্ধ হয়ে গেছে। তাঁত মালিকরা পানির দামে তাঁত সামগ্রী বিক্রি করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে অন্যগুলোও ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে।
বল্লা রামপুর সুতা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা আশরাফী বিডিনিউজকে জানান, কাপড় উৎপাদনকারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় এর সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁত বন্ধ গেলে সুতা ব্যবসাও বন্ধ হয়ে যাবে।
বেহালাবাড়ি গ্রামের একজন ব্যবসায়ী জানান, তার ৬০টি তাঁতের সবগুলোই এখন পর্যন্ত চালু রয়েছে। তবে মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে এগুলোও বন্ধ করে দিতে হবে।
