২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সংকটের কারণে দেশের একমাত্র জার্ম প্লাজম কেন্দ্রটি বন্ধের পথে

রেশম শিল্পের উন্নয়ন ও এর বিকাশের লক্ষ্যে দেশের একমাত্র জার্ম প্লাজম মেইনটেন্যান্স সেন্টারটি প্রয়োজনীয় অর্থ সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের গোড়ার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়ায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে আড়াই কোটি টাকা ব্যয়ে কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 10:24 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

১৯৯০ সালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর থেকে দেশে রেশম পোকা বিলুপ্ত হতে থাকে। পোকা বিলুপ্তির সাথে সাথে রেশম শিল্পও ধ্বংস হতে থাকে। বিলুপ্ত প্রায় রেশম পোকার বিভিন্ন প্রজাতি উদ্ভাবন ও সংরক্ষণে উচ্চতর গবেষণা পরিচালনা ও এর উৎকর্ষতা অর্জনই ছিল জার্ম প্লাজম কেন্দ্রটি স্থাপনের মূল উদ্দেশ্য।

নতুন নতুন টেকসই প্রজাতির রেশম পোকা উদ্ভাবন ও রক্ষণাবেক্ষণে স্থাপিত এই গবেষণা কেন্দ্রটির জন্য সরকারের সাথে বিশ্ব ব্যাংকের চুক্তি ছিল মাত্র দু’ বছরের। ২০০৩ সালে এর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এবং বিশ্ব ব্যাংকের সাথে সরকারের চুক্তিটি নবায়ন না হওয়ায় গবেষণার কাজটি স্থগিত হয়ে পড়েছে।

বর্তমানে বাংলাদেশ রেশম ইন্সটিটিউট’র অনিয়মিত আর্থিক সহযোগিতায় শুধুমাত্র কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করা হচ্ছে। গবেষণা কাজের জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা আসছে না।

বিজ্ঞানীরা জানান, এ কেন্দ্রটি ইতোমধ্যে বিভিন্ন গবেষণার মাধ্যমে ৩৬টি দ্বি--চক্রি ও ১২টি বহু চক্রি জাত উদ্ভাবন ও সংরক্ষণে সক্ষম  হয়েছে। এসব জাত সম্পূর্ণ পরিবেশ বান্ধব ও টেকসই। এসব টেকসই প্রজাতি উদ্ভাবনে বিজ্ঞানীদের এই সফলতা জাতীয় রেশম শিল্পে নতুন মাত্রা যোগ করেছে।

জাম প্লাজমের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বিডিনিউজকে জানান, জার্ম প্লাজমের ১০--১২ কিলোমিটারের মধ্যে প্রায় ৬শ’ পরিবার গুটি উৎপাদন করে স্বাবলম্বী হয়ে উঠেছে। শুধুমাত্র এই অঞ্চলেই নয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং মানিকগঞ্জসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে জার্ম প্লাজমের উদ্ভাবিত বিভিন্ন প্রজাতির রেশম চাষ বর্তমানে জনপ্রিয় হয়ে উঠছে।

জার্ম প্লাজমের অপর এক কর্মকর্তা জানান, অর্থ সংকট কিনা জানি না তবে গবেষণা কাজের বাজেট একেবারেই কমিয়ে দেয়া হয়েছে। যেটুকু বাজেট রয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বর্তমানে রেশম গুটি উৎপাদন লাভজনক অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত হয়েছে। জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশী রেশম বস্ত্রের বিপুল চাহিদা থাকায় বস্ত্র শিল্পে রেশমের গুরুত্বও অনেক বৃদ্ধি পেয়েছে। আমদানী রপ্তানীর ক্ষেত্রে বস্ত্র ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন। বৈদেশিক মুদ্রা অর্জনে রেশম শিল্প এখন একটি অন্যতম খাত হিসেবে চিহ্নিত হয়েছে।

আর্থিক সংকটের কারণে জার্ম প্লাজম কেন্দ্রটি বন্ধ হয়ে গেলে রেশম শিল্পের অপূরণীয় ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।