এফবিসিসিআই-এর উন্নয়নে সরকার ২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)-এর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার চলতি বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে।
এ প্রসঙ্গে সরকারকে ধন্যবাদ জানিয়ে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন জানান, এফবিসিসিআই-এর নিজস্ব ওয়েব পোর্টাল তৈরি, বিভিন্ন প্রকাশনা এবং বিশ্ব বাণিজ্য সংস্থা সম্পর্কিত নানাবিধ গবেষণা কাজে এ তহবিল কাজে লাগানো হবে।
এর আগে দেশীয় ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠনটি আন্তর্জাতিক বাণিজ্যের পরিবর্তনশীল পরিস্থিতির সাথে তাল মেলানোর প্রয়োজনে ব্যবসা সংগঠনগুলোর মানোন্নয়নের লক্ষ্যে এবারের বাজেটে পৃথক বরাদ্দ প্রদানের দাবী উত্থাপন করেছিল।
খুব শীঘ্রই এ অর্থ দিয়ে এফবিসিসিআই তার ওয়েব পোর্টাল তৈরি এবং বিভিন্ন গবেষণা কাজ শুরু করবে বলে সভাপতি জানান।
