২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সাথে সামঞ্জস্য রেখে সুদের হার নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে সুদের হার এক থেকে দুই শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

বিকেবির মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও পরিচালনা) মফিজুল হক ভূঁইয়া বিডিনিউজকে জানান, বিকেবির পরিচালনা পরিষদের বৈঠকে রোববার এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে।

বর্তমানে বিকেবির আমানতের সুদের হার অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ে এক শতাংশ কম। অন্যদিকে ঋণের সুদের হার অন্যান্য ব্যাংকের চেয়ে প্রায় দুই শতাংশ কম।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং বিকেবির ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইসমাইল জাবিউল্লাহর সভাপতিত্বে  রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সংশোধিত প্রস্তাবে ঋণ ও আমানতের সুদের হার বাড়ানো এবং বড় ধরনের আমানতের ক্ষেত্রে উচ্চ সুদ প্রদানের ব্যাপারে ব্যবস্থাপনা পরিচালককে বিশেষ ক্ষমতা দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বিকেবির দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের জুন ৩০ পর্যন্ত বিকেবির মোট আমানতের পরিমাণ ৬ হাজার ৩০৪ কোটি টাকা। আমানতের এই অর্থের মধ্যে ৩ হাজার ৪৭ কোটি টাকা অর্থাৎ ৪৮ শতাংশের স্বল্পসুদযুক্ত  আমানত এবং ৩ হাজার ২৫৬ কোটি অর্থাৎ ৫২ শতাংশ উচ্চসুদযুক্ত আমানত। বিকেবির মোট ঋণের মধ্যে ২ হাজার ৬৭৯ দশমিক ২৭ কোটি টাকা অর্থাৎ মোট ঋণের ৯৫ শতাংশ কৃষিঋণ।

পরিচালনা পরিষদের অনুমোদনের জন্য যে সংশোধনী প্রস্তাব আনা হয়েছে তাতে বলা হয়েছে, ব্যাংকের কার্যক্রম জোরদারের জন্য আমানত বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু স্বল্পসুদের কারণে বিকেবিতে আমানত রাখতে লোকজন উৎসাহিত হয় না।

প্রস্তাবে বলা হয়, অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংক আমানতের জন্য ৫ শতাংশ হারে সুদ দিয়ে থাকে। অন্যদিকে বিকেবি সুদ দিচ্ছে ৪ শতাংশ হারে।

২০০৫ - ০৬ অর্থবছরে আমনতের সুদ বাবদ বিকেবি ২৮১ কোটি টাকা দিয়েছে। সুদের এ পরিমাণ আগের অর্থবছরের তুলনায় ৩৬ কোটি টাকা বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক বিকেবির একজন কর্মকর্তা জানান, ব্যাংকটি শিল্পখাতে ঋণদানের ক্ষেত্রে ১০ শতাংশ হারে সুদ নেয়। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের সুদের হার ১২ শতাংশ।

ওই কর্মকর্তা আরও জানান, মৎস্য ঋণের ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের সুদের হার ১১ শতাংশ। এক্ষেত্রে বিকেবির সুদের হার ৯ শতাংশ মাত্র।

কৃষি ব্যাংকের সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে ব্যাংকের অন্য এক কর্মকর্তা বলেন, অন্যান্য ব্যাংকের সাথে সামঞ্জস্য রেখে ঋণ ও আমানতের সুদের হার না বাড়ালে প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন হবে।

ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা বাড়ানোর ব্যাপারে ওই কর্মকর্তা বলেন, বিভিন্ন ব্যাংকের মধ্যে প্রতিযোগিতা থাকার ফলে বড় আমানতকারীদের জন্য সুদের হার নির্ধারণের বিষয়টি বিবেচনায় রেখে সংশোধনী প্রস্তাবে এ সুপারিশ রাখা হয়েছে।