মধ্য বাড্ডায় পোষাক তৈরির কারখানায় আগুন, ৪ শ্রমিক আহত
নগরীর মধ্য বাড্ডায় শনিবার সকালে একটি পোষাক তৈরির কারখানায় আগুন লাগলে আতঙ্কে ও পদদলিত হয়ে অন্ততঃ চারজন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনী ও হাসপাতাল সূত্র আহতদের নামঠিকানা নিশ্চিত করেছে।
সকাল ৯টায় বাড্ডার লুৎফুন টাওয়ারের ১২ তলা ভবনের ছয় তলায় ‘নিউ স্টাইল’ নামের পোষাক তৈরির কারখানায় আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই বাড্ডার ই-১৩ ঠিকানার ওই বাড়িতে আগুণ লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দমকল বাহিনীর দুটি ইউনিট অল্পসময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে আগুন তেমনভাবে ছড়াতে পারেনি।
অবশ্য আগুনে পুড়ে যাওয়ার আতঙ্কে কারখানার কর্মীরা ছোটাছুটি শুরু করলে পদদলিত হয়ে অন্তত চারজন গুরুতর আহত হয়। আহত শ্রমিক আলমগীর (২৮), শাহীন (২৮), নুরুন্নাহার (১৮) ও খাদিজা (১৮) এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কারখানা কর্তৃপক্ষর বরাত দিয়ে দমকল বাহিনী সূত্র জানায়, অগ্নি দুর্ঘটনায় পুরো কারখানার বৈদুতিক সংযোগ ব্যবস্থা নষ্ট হয়েছে; প্রাথমিক হিসেবে এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়।
