সয়াবিন তেলের বাজার অস্থির, রোজা আসার আগেই সক্রিয় সিন্ডিকেট
বাজারে এবার সয়াবিন তেল নিয়ে নতুন অস্থিতিশীলতা দেখা দিয়েছে। একই সঙ্গে রোজাকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে সয়াবিন তেলের সিন্ডিকেট।
ছুটির দিনে শুক্রবার নগরীর বিভিন্ন বাজারে খোঁজ খবর নিয়ে এই তথ্য পাওয়া যায়।
সয়াবিন তেলের পাইকারি সরবরাহকারিরা আবারো দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন বলে বিভিন্ন বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান।
তারা আশংকা প্রকাশ করে বলেন, আগামী দুদিনে খোলা ও কন্টেইনারের সকল প্রকার সয়াবিন তেলের দাম আবারো দুই থেকে পাঁচ টাকা করে বাড়াবে।
চলতি সপ্তাহে তেলের দামের পাশাপাশি বিভিন্ন প্রকারের ডাল ও ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে কাঁচাবাজারে বিভিন্ন পণ্যের দাম এখনো কিছুটা স্থিতিশীল রয়েছে। এছাড়া মোটা চালের দাম এখনো রয়েছে বাড়তির দিকে।
গত এক সপ্তাহেরও বেশীদিন ধরে সয়াবিন তেলের বাজার দ্রুত অস্থিতিশীল হয়ে উঠেছে। কন্টেইনারের চেয়ে খোলা বাজারে সয়াবিনের তেলের দাম বেড়েছে দ্বিগুন। চলতি সপ্তাহে কন্টেইনারের তেলের দাম বেড়েছে লিটার প্রতি দু থেকে তিন টাকা; আর খোলাবাজারে তেলের দাম লিটার প্রতি বেড়েছে পাঁচ থেকে ছয় টাকা।
খোলাবাজারে তেলের দাম লিটার প্রতি ৫৮ টাকা থেকে ৬১ টাকায় এবং পাঁচ লিটার কন্টেইনারের সয়াবিন তেলের দাম ১৭৫ থেকে ১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে লিটার প্রতি পামওয়েলের দাম এখন ৫০ টাকা।
কারওয়ান বাজারের পাইকারি তেল বিক্রেতা গোলাম হোসেন বিডিনিউজকে জানান, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বাড়ার ফলে আমদানিকারকরা তেলের দাম বাড়াচ্ছে ।
অন্যদিকে বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতার অভিযোগ করে বলেন, রোজা আসার আগেই তেল -- সিন্ডিকেট এখন হয়ে উঠেছে সক্রিয়। এই চক্রটি আন্তজার্তিক বাজারে কিছুটা দাম বাড়ার সুয়োগ নিয়ে দফায় দফায় তেলের দাম বাড়াচ্ছে।
এদিকে রোজা শুরু হওয়ার আগেই ছোলাবুটসহ বিভিন্ন ডালেরও দাম এখন উর্ধ্বমুখি। পাশাপাশি বেড়ে চলেছে ময়দার দাম। চলতি সপ্তাহে ছোলা বুট ছয় টাকা বেড়ে ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বুটের দাম কেজি প্রতি অন্তত পাঁচ টাকা বেড়ে ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের শুরুতেই দাম বেড়ে প্রতি কেজি মুগ ডাল ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে ময়দার দাম কেজি প্রতি বেড়েছে এক টাকা। দুকেজির ময়দার প্যাকেটের দাম এক টাকা বেড়ে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ডাল ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে কলকাতা হাইকোর্ট ডাল রপ্তানির নতুন কোটা ছাড় করার আদেশ দিলে মসুরের ডালের দাম বৃদ্ধির প্রবনতা কমেছে।
পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজারে কাঁচা পণ্যের দাম চলতি সপ্তাহে স্থিতিশীল রয়েছে। এছাড়া বাজারে এখন আসতে শুরু করেছে মওসুমি কাঁচাপণ্য। করল্লার দাম প্রতি কেজি দুটাকা কমে ১২ থেকে ১৪ টাকায় এবং পটলের দাম এক টাকা কমে ১২ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মুলা প্রতি কেজি ১৪ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে চলতি সপ্তাহের শুরুতে বাজারে সবচেয়ে কম দামের স্বর্ণা ও পাইজাম চালের দাম বাড়লেও এখনো তা স্বাভাবিক হয়ে আসেনি। তবে খোলা বাজারে সরকারি সরবরাহ বাড়াতে মোটা চালের দাম বাড়ার গতি হ্রাস পেয়েছে। এই চাল কেজি প্রতি ১৯ থেকে সাড়ে ১৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
