গাইবান্ধা চিনিকল ২ বছর ৫ মাস পরে চালু হলো
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত দেশের অন্যতম চিনিকলটি প্রায় আড়াই বছর পর নতুন করে চালু করা হয়েছে। ফলে বেকার হয়ে যাওয়া শ্রমিক - কর্মচারি ও আখ চাষীদের মনে স্বস্তি ফিরে এসেছে।
শিল্পমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বুধবার বিকেল ৩ টায় চিনিকলটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু, সভাপতিত্ব করেন গাইবান্ধা - ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
জানা গেছে, চিনি কলটির উৎপাদন শুরু করার জন্য সরকার প্রাথমিকভাবে ৮ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর নতুন ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন রফিকুল ইসলাম জিন্নাহ। চিনি কলের ১৫ হাজার একর জমিতে আনুষ্ঠানিকভাবে আখ রোপণও শুরু হয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সালের ৩১ মার্চ চিনি কলটি বন্ধ হয়ে যায়। এর ফলে ১২ শ কর্মচারী এবং ২৫ হাজার আখ চাষী বেকার হয়ে পড়ে।
