২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভেন ও নিটওয়্যার পোশাকের রপ্তানি বেড়েছে যথাক্রমে সাড়ে ২৩ ও ৪১ শতাংশ

গত অর্থবছরের অক্টোবর - মে পর্যন্ত দেশের ওভেন ও নিটওয়্যার পোশাকের রপ্তানি যথাক্রমে সাড়ে ২৩ ও ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোটা আরোপের কারণে গত অক্টোবর থেকে দেশের এ দুই পোশাক খাতে রপ্তানির এই উচ্চ প্রবৃদ্ধি ঘটে।    

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, দেশের ওভেন পোশাক ও নিটওয়্যার রপ্তানি খাতে গত অর্থ বছরের অক্টোবর - মে সময়ে রপ্তানি আয়ের পরিমাণ ছিল যথাক্রমে ২৬৮০ মিলিয়ন ডলার ও ২৪৭৬ মিলিয়ন ডলার।

ইইউ ও যুক্তরাষ্ট্র ২০০৫ সালের মাঝামাঝি সময় থেকে চীনের পোশাক ও টেক্সটাইল সামগ্রীর প্রবেশ ঠেকাতে নতুন করে কোটা আরোপ করে।

ইপিবি’র মহাপরিচালক মোস্তফা মহিউদ্দিন বলেন, গত অর্থ বছরের ১১ মাসে দেশের সর্বোচ্চ রপ্তানি প্রবৃদ্ধির পরিমাণ ছিল ১ দশমিক ৮ বিলিয়ন ডলার, যার মধ্যে ওভেন পোশাক ও নিটওয়্যার রপ্তানি প্রবৃদ্ধির অবদান ছিল ৭৫ শতাংশ।

তিনি বলেন, এ সময়ে পোশাক রপ্তানি বৃদ্ধিতে মূলত মার্কিন বাজার মূখ্য ভূমিকা পালন করে।   

এ প্রসঙ্গে একজন বাণিজ্য বিশেষজ্ঞ জানান, এ সময়ে ওভেন পোশাক রপ্তানির ক্ষেত্রে যে প্রবৃদ্ধি ঘটে তা অবিশ্বাস্য। নিটওয়্যার পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধির প্রবণতা আগেও ছিল, কিন্তু এক্ষেত্রে এই হার সেই পরিসংখ্যানকেও ছাড়িয়ে গেছে।

ইপিবি’র পরিসংখ্যান অনুযায়ী মার্কিন বাজারে গত সাত মাসে ওভেন গার্মেন্টস রপ্তানি ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

এদিকে গত অর্থ বছরের প্রথম ১১ মাসে ওভেন গার্মেন্টস ও নিটওয়্যার রপ্তানি যথাক্রমে ১৩ ও ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়ে আয়ের পরিমাণ দাঁড়ায় ৩৬৪৭ মিলিয়ন ডলার এবং ৩৩৯৬ মিলিয়ন ডলার ।

গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষা’র গবেষক রাশেদ আল মাহমুদ তীতুমীর বলেন, চীনের ওপর কোটা উঠে যাওয়ার আগে পোশাক রপ্তানি খাতে নতুন কোন সংকটের আশংকা নেই।

তিনি জানান, চীনের ওপর নতুন কোটা আরোপের পর এ খাত উন্নয়নের জন্য নতুন কোন কৌশল গ্রহণ করা হয়নি।

ইপিবি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ সালের জানুয়ারি- সেপ্টেম্বর সময়ে ওভেন গার্মেন্টস রপ্তানি আয় ছয় শতাংশ হ্রাস পায়। অপরদিকে একই সময়ে নিটওয়্যার রপ্তানি আয় বৃদ্ধি হয় সাড়ে ২২ শতাংশ।

সেন্টার ফর পলিসি ডায়লগ’র গবেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের ওপর কোটা আরোপের পাশাপাশি গত বছর থেকে শ্রম ব্যয় দ্রুত হারে বাড়ছে। ফলে আন্তর্জাতিক ক্রেতারা দেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে বাল্ব ক্রয় অর্ডার দিচ্ছে।

তিনি জানান, গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এখন উৎপাদন ক্ষমতার চেয়েও অধিক বেশি অর্ডার পাচ্ছে। এমনকি সমস্ত সাব-কন্ট্রাক্টিং কারখানাগুলো পুর্ণ উৎপাদন ক্ষমতা নিয়োগ করেছে।

তিনি তার প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণার কথা উল্লেখ করে বলেন, এ ধরনের অর্ডার প্রাপ্তিও আগামীতে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

আরাফ গ্রুপের পরিচালক নাইমুল বাশার চৌধুরী পরিকল্পিত উৎপাদন ক্ষমতা বাড়ার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ২০০৮ সালের পর থেকে আমাদের কঠিন সময় আসবে।