২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এসএমই ফেয়ার--২০০৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর উদ্যোগে ১১--১৭ সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় এসএমই ফেয়ার--২০০৬ এর প্রস্তুতি সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2006, 08:38 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

এফবিসিসিআই’র সদস্য সংস্থাসমূহের প্রধানদের সাথে মেলার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সভায় আলোচনা হয়।

এফবিসিসিআই সভাকক্ষে এর সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ ও পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।

মীর নাসির হোসেন এসময় বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বীকৃত। সরকার এ খাতের উন্নয়নে এসএমই টাস্ক ফোর্স গঠন করায় তিনি সরকারকে সাধুবাদ জানান।

দেশের এসএমই খাতের উন্নয়নে বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর ভূমিকা তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করে এর উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রাপ্তির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এসএমই ফেয়ার আয়োজনের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার জন্য সদস্য সংস্থার প্রধানদের প্রতি আহবান জানান।

সভায় এফবিসিসিআই সদস্য সংস্থার প্রধানগণও বক্তব্য রাখেন। বক্তারা এসএমই ফেয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে এসএমই খাতে উদ্ভাবিত বিভিন্ন পণ্যের পরিচিতি এবং উদ্ভাবকদের স্বীকৃতি দেয়ার উপর জোর দেন।