স্কপ আহুত দেশব্যাপী ধর্মঘট আংশিক পালিত
শ্রমিক - কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আহুত দেশব্যাপী ২৪ ঘন্টা ধর্মঘট এবং ১২ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আংশিক পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্কপের ডাকা দেশব্যাপী ধর্মঘট শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ১৪টি চিনিকল সংলগ্ন এলাকা, কিছু পাটকল এবং নৌপথে পালিত হয়।
সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্র জানায়, শুধুমাত্র কয়েকটি ছোট লঞ্চ যাতায়াত করেছে। অন্যদিকে ধর্মঘটের কারণে আরিচা ফেরীঘাট এবং খুলনা লঞ্চঘাটে নৌ চলাচলে বিঘœ ঘটে।
আশুগঞ্জ ও ভৈরব ফেরীঘাটেও স্কপের অবরোধের কারণে ফেরী চলাচল আংশিক বিচ্ছিন্ন ছিল।
এ ছাড়া শিল্পাঞ্চলগুলোতে অবস্থিত গার্মেন্টস কারখানাগুলোতে ধর্মঘটের কোন প্রতিক্রিয়া পড়েনি।
রাষ্ট্রায়ত্ত চিনিকল এবং পাট ও সুতার মিলগুলোতে ধর্মঘট পালিত হয়েছে বলে স্কপ দাবী করেছে।
ন্যুনতম জাতীয় মজুরী ঘোষণাসহ তাদের আট দফা দাবী আদায়ে স্কপ এই ধর্মঘট আহ্বান করে।
শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর সমন্বয়ক ড. ওয়াজেদুল ইসলাম খান এক বিবৃতিতে সফলভাবে ধর্মঘট পালনের জন্য শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন।
অপরদিকে জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন পৃথক বিবৃতিতে স্কপের ধর্মঘট সফলভাবে পালনের জন্য শ্রমিকদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রোববার রাতে দেশব্যাপী ধর্মঘট
থেকে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়।
