ইউএই ব্যাবসায়ী প্রতিনিধি দলের পর্যটন খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এডিসিসিআই)’র ব্যবসায়ী প্রতিনিধি দল রোববার কক্সবাজার পর্যটন এলাকাসহ বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের জন্য গভীর আগ্রহ প্রকাশ করেছে।
খলিফা মোহাম্মদ আব্দুল আজিজ রুবাইয়া আল মুহাইরির নেতৃত্বাধীন এডিসিসিআই’র দশ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল রোববার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারর্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সদস্যদের সাথে ফেডারেশন কার্যালয়ে সাক্ষাতকালে বিনিয়োগের ওই আগ্রহ প্রকাশ করে।
রুবাইয়া আল মুহাইরি বলেন, রাজধানী ও পর্যটন স্পটগুলোর মধ্যেকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য তারা পরিবহন খাতেও বিনিয়োগে আগ্রহী।
এসময় ইউএই’র কয়েক জন ব্যবসায়ী ইউএইতে কাজের জন্য বিদ্যুৎ খাতের স্থানীয় পেশাজীবীদের নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে আলোচনা বৈঠকে এফবিসিসিআই সহ--সভাপতি ও বিটিএমএ সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, পরিচালক রউফ চৌধুরী এবং বিভিন্ন চেম্বার ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
মুহাইরি বিনিয়োগের জন্য কর অবকাশ সুবিধার উপর গুরুত্বারোপ করে বলেন, বাস্তবে আমরা আমাদের দেশে কোন প্রকার শুল্ক ছাড়াই কাজ করি। সে কারণে আমরা শুল্কমুক্ত এলাকায় বিনিয়োগে আগ্রহী।
মীর নাসির হোসেন বলেন, রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো কয়েক বছর ধরে কর অবকাশ সুবিধা ভোগ করছে এবং সরকার পর্যটন ও বিদ্যুৎসহ কয়েকটি খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদী কর আবকাশ সুবিধা সংরক্ষিত রেখেছে।
পরে ব্যবসায়ীরা মুহাইরির কাছে ভিসা প্রদান সংক্রান্ত বিভিন্ন জটিলতার বিষয়ে অভিযোগ করেন। এসময় মুহাইরি বিশেষ করে ব্যবসায়ীদের জন্যসহ ভিসা প্রদান প্রক্রিয়া সহজতর করা হবে বলে নিশ্চয়তা দেন।
ইউএই’র ব্যাবসায়ী প্রতিনিধি দল রোববার ঢাকা চেম্বারর্স অফ কমার্স অ্যন্ড ইন্ডাষ্ট্রি (ডিসিসিআই) সদস্যদের সাথেও চেম্বার কার্যালয়ে সাক্ষাত করে।
