২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসুর ডালের দাম বেড়েছে ৯ টাকা, সয়াবিন লিটার প্রতি ২ টাকা

বাজারে সব ধরনের ডালের দাম গত তিন দিনে আকস্মিকভাবে বেড়ে গেছে। এ ছাড়া বাজারে গত দুদিনে সয়াবিন তেল, সবচেয়ে কম দামের স্বর্ণা ও পাইজাম চালসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আরো এক দফা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 04:55 PM

Updated : 26 Apr 2022, 03:49 PM

ঢাকায় শুক্রবার কারওয়ানবাজার ও ফকিরাপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত তিনদিনে কেজি প্রতি মসুর ডালের দাম এক লাফে ৯ টাকা বেড়েছে। ছুটির দিনে মসুর ডাল ৬৫ টাকা কেজি দরে খুচরা বিক্রি হয়। কেজি প্রতি মুগ ডালের দাম ৪ টাকা এবং ছোলা বুটের দাম ৬ টাকা বেড়েছে। বাজারে কেজি প্রতি মুগ ডাল ৬৫ টাকা এবং ছোলা বুট ৫২ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারে বৃহস্পতিবার থেকে সয়াবিনের তেলের দাম লিটার প্রতি বেড়েছে ২ টাকা। বাজারে ৫ কেজি সয়াবিন তেলের বিভিন্ন কোম্পানির কন্টেইনার বিক্রি হচ্ছে ২৭৫ টাকা থেকে ২৮০ টাকায়। এ ছাড়াও কেজি প্রতি শুকনা মরিচের দাম ২০ টাকা, জিরা ১০ থেকে ১৫ টাকা এবং ইসপ গুলের ভূসি কেজি প্রতি ১৫০ টাকা বেড়েছে।

এদিকে সরকার আগামী মাসের শুরু থেকে খোলা বাজারে চাল বিক্রির ঘোষণা দেওয়ার পরও বাজারে সবচেয়ে কম দামের স্বর্ণা ও পাইজাম চালের দাম কেজি প্রতি ৫০ পয়সা বেড়েছে। এই চাল কেজি প্রতি ১৯ থেকে সাড়ে ১৯ টাকায় বিক্রি হচ্ছে।

শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, আলুর দাম আবারও কেজি প্রতি এক টাকা বেড়েছে। তবে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে আসছে।

বাজারে আলুর দাম কেজি প্রতি ১৭ থেকে ১৮ টাকায় এবং কাঁচা মরিচ কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচেছ। 

এদিকে বাণিজ্যমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ নতুন নিয়োগ পাবার পর বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাপক হম্বি - তম্বি করলেও এখন তিনি বাজার নিয়ন্ত্রণের দায়দায়িত্ব অস্বীকার করছেন। এমনকি বাজার নিয়েন্ত্রণের জন্য তিনি নতুন মন্ত্রণালয়ের প্রস্তাব দিয়েছেন।

ডাল আমদানিকারক ও বায়েজিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল বাতেন জানালেন, ভারত বাংলাদেশে মসুর ডাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং সরবরাহ ঘাটতির সুযোগে দাম বেড়েছে।

তিনি জানান, দেশের বাজারে তুরস্কের মসুরের ডাল পেতে আরও কিছুদিন সময় সময় লাগবে। এ ডাল বাজারে প্রবেশ করলে সরবরাহ ঘাটতি হ্রাস পাবে।

শুক্রবার বিভিন্ন বাজারে শুকনা মরিচে দাম ২০ টাকা বেড়ে কেজি প্রতি ১২০ থেকে ১৩০ টাকায় এবং জিরা কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হতে দেখা য়ায়।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা রহিম বক্শ এক প্রশ্নের উত্তরে বলেন, কোন্ পণ্যের দাম কখন কেন বাড়ছে তার কোন যুক্তিযুক্ত কারণ জানা যায় না।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ইসপ গুলের ভূসির দাম কেজি প্রতি ১০০ টাকা বেড়ে ৪০০ টাকায় বিক্রি হয়েছে। আগের দিন না কিনে শুক্রবার সকালে তা কিনতে গিয়ে দেখা গেল ৪৫০ টাকায় তা বিক্রি হচ্ছে।