মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠনে সম্মত বাংলাদেশ ও চিলি
বাংলাদেশ ও চিলির মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য ঘাটতি হ্রাসে একটি মুক্তবাণিজ্য চুক্তি স্বাক্ষর এবং যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ ও বাংলাদেশ সফররত চিলির ভাইস মিনিস্টার ফর ইকোনমি এবং বৈদেশিক বিনিয়োগ কমিটির ভাইস প্রেসিডেন্ট কার্লোস এডওয়ার্ডো মেনা রোববার এক বৈঠকে এ ব্যাপারে সম্মত হন।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, কুটনৈতিক সম্পর্ক উন্নয়নে কোনো দূতাবাস না থাকলেও দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাথে বাংলাদেশের সম্পর্ক ভাল।
তিনি জানান, দুদেশের মধ্যে মাত্র আট মিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে। এরপরও দুদেশের মধ্যে বেশ বাণিজ্য ঘাটতি রয়েছে। এই বাণিজ্য ঘাটতি হ্রাসে চিলি বাংলাদেশ থেকে মানসম্মত তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য ও খাদ্য সামগ্রী আমদানির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তাদের দেশ থেকেও বিভিন্ন পণ্য আমদানির সুযোগ রয়েছে বলে তারা জানিয়েছে।
বাণিজ্যমন্ত্রী আরো বলেন, দুদেশের মধ্যে বিনিয়োগেরও সুযোগ রয়েছে। চিলিকে এখানে যৌথ--অংশীদারিত্বমূলক ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে বাংলাদেশের কেউ চাইলে সেখানে বিনিয়োগ করতে পারে।
তাদের আগ্রহের কারণে দুদেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তি ও যৌথ অর্থনৈতিক কমিশন গঠনে উদ্যোগ নেয়া হয়েছে। শিগগিরই বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দল ওই দেশ সফর করবে।
চিলির ভাইস মিনিস্টার কার্লোস এডওয়ার্ডো মেনা বলেন, দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগের ব্যাপারে বৈঠকে কথা হয়েছে। এছাড়া বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে মুক্তবাণিজ্য চুক্তি ও যৌথ অর্থনৈতিক কমিশনের ব্যাপারটিও গুরুত্ব পেয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে চিলির প্রতিনিধি দলের সদস্যরা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
