২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক সৌদি বিনিয়োগকারীর হাতে গেলে বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়বে

সফররত সৌদি বিনিয়োগ প্রতিনিধিদল বৃহস্পতিবার জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক তারা ক্রয় করলে বাংলাদেশ ব্যাংকে বিপুল পরিমাণ মার্কিন ডলারের সঞ্চয় গড়ে উঠবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

বাংলাদেশ ব্যাংক কর্র্তৃপক্ষ জানায়, কয়েক বিলিয়ন মার্কিন ডলারের সঞ্চয়ের ফলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেড়ে যাবে।

প্রিন্স বান্দার বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সউদের প্রধান উপদেষ্টা ইউসুফ হামেদ গারজালের নেতৃত্বাধীন সৌদি বিনিয়োগ প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে এসব কথা জানায়।

প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ড. আহমেদ বিডিনিউজকে বলেন, শেষ পর্যন্ত রূপালী ব্যাংক তারা পেলে তারা বাংলাদেশ ব্যাংকে মোটা অংকের সঞ্চয় গড়ে তুলবেন।

সঞ্চয়ের সঠিক পরিমাণ উল্লেখ না করলেও তিনি বলেন, এটা কয়েক বিলিয়ন ডলারের কম হবে না।

গভর্নর আরও জানান, বিনিয়োগকারীরা জ্বালানি, পর্যটন ও সেবাখাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

রূপালী ব্যাংকের নিলামের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ প্রতিনিধিদলকে নিয়ম অনুযায়ী সহায়তা করবে বলে গভর্নর জানান।

গভর্নরের সাথে বৈঠকের পর বিনিয়োগ প্রতিনিধিদল রূপালী ব্যাংকের ব্যবস্থাপকের সাথে সাক্ষাৎ করেন।