বিদ্যুৎ, গ্যাস, পরিবহণ, শিক্ষা ও গ্রামীণ উন্নয়নকে এডিবি বিশেষ গুরুত্ব দেবে
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০০৭--০৯ মেয়াদকালে বিদ্যুৎ, গ্যাস, পরিবহন, শিক্ষা এবং গ্রামীণ উন্নয়নে বিশেষ গুরুত্বারোপের মাধ্যমে বাংলাদেশে প্রবৃদ্ধি, মানব উন্নয়ন ও সুশাসন ক্ষেত্রে অগ্রগতিতে সহায়তা করবে।
সরকারকে এ বিষয়ে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে ঢাকায় বৃহস্পতিবার প্রকাশিত এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসের গোড়াতেই বাংলাদেশে এডিবি’র আবাসিক মিশনের আয়োজনে কান্ট্রি প্রোগ্রামিং মিশন (সিপিএম) চলাকালে সরকারের সাথে পরবর্তী বছরগুলোতে পরিকল্পিত সহায়তা প্রদানের মূল ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়।
গত ২ জুলাই চালূ হওয়া সিপিএম কর্মসূচির অধীনে এডিবি কৌশলগত পরিবহন যোগাযোগ এবং আন্তঃসীমান্ত ব্যবস্থাপনা, সরকারি-- বেসরকারি অংশীদারিত্ব উৎসাহিতকরণ বিশেষ করে বিদ্যুৎ ও পরিবহন খাতে এবং বৃহৎ ব্যক্তি খাতের বিনিয়োগে সহায়তা করতে সম্মত হয়।
এতে আঞ্চলিক সহায়তা ও সংহতি, সুশাসন এবং বেসরকারি খাত উৎসাহিতকরণের ওপরও গুরুত্বারোপ করা হয় বলে এতে জানানো হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বুধবার অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এডিবি ২০০৭--০৯ মেয়াদে প্রতিবছর ৬শ’ মিলিয়ন ডলার ঋণের পাশাপাশি বছরে ৫ মিলিয়ন ডলার মঞ্জুরি সহায়তার প্রস্তাব দেয়।
