২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেয়রের ঝুলন্ত সেতু দাবি, কর্ণফুলী সেতু নির্মাণ নিয়ে নতুন সংশয়

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কংক্রিটের সেতুর পরিবর্তে ঝুলন্ত সেতুর দাবি তোলায় চট্টগ্রামের জনগণের প্রধান দাবি কর্ণফুলী সেতু নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

প্রস্তাবিত সেতু চত্বরে বুধবার অনুষ্ঠিত এক সমাবেশে মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী হুঁশিয়ার করে দিয়ে বলেন, আমি আরসিসি পিলারের ওপর সেতু নির্মাণ প্রতিরোধ করবো। প্রয়োজন হলে কর্ণফুলী নদীতে রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু চট্টগ্রামের জনগণ ঝুলন্ত সেতু ছাড়া অন্য কিছুই গ্রহণ করবে না। কারণ তা চট্টগ্রাম বন্দরকে ধ্বংস করবে।

কংক্রিট সেতু তৈরির মতো আত্মঘাতি সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মেয়র প্রধানমন্ত্রীকে আহ্বান জানান।

চট্টগ্রাম নাগরিক কমিটি আয়োজিত বৈঠকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মেয়র বলেন, আপনি যদি অসমর্থ হন, আমাকে শুধুমাত্র অনুমতি দিন। ঝুলন্ত সেতু তৈরীর জন্য প্রয়োজনীয় ২ হাজার কোটি টাকার তহবিল আমি সংগ্রহ করবো।

তিনি বলেন, সরকারের ৪শ’ ৩৯ কোটি টাকা ব্যায়ে কংক্রীট সেতু তৈরির সিদ্ধান্ত দেশের প্রধান সমুদ্র বন্দরকে ধ্বংসের একটি আর্ন্তজাতিক ষড়যন্ত্র ছাড়া কিছুই না।

এ দাবিতে মেয়র ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সভা এবং পটিয়া ও আনোয়ারায় বৃহস্পতিবার তিনটি পথসভারও ঘোষণা দেন।

সমাবেশে তিনি বলেন, আগামী ২৯ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের চূড়ান্ত ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ ক্ষমতাসীন চার দলীয় জোট সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার ছিলো। প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২০০৪ সালের এপ্রিলে এই সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিন্তু বিভিন্ন কারণে বিগত বছরগুলোতে প্রকল্পটির কাজ শুরু হতে বিলম্ব হয়।