২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপালী ব্যাংক কিনতে আগ্রহী সৌদি বিনিয়োগকারীরা

সৌদি বিনিয়োগকারীদের সফররত প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের পর্যটন ও বিদ্যুৎখাতের মতো অন্যান্য খাতেও বিনিয়োগে আগ্রহী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 07:20 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

সফরকারী দলটি বুধবার বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান এনাম আহমেদ চৌধুরীর সাথে দেখা করে। প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে তারা অত্যন্ত আগ্রহী।

সৌদি প্রিন্স বান্দার বিন মুহম্মদ বিন আব্দুর রহমান আল সৌদের প্রধান উপদেষ্টা ইউসুফ হামেদ গারজাল প্রিন্সের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সফরকালে প্রতিনিধি দল রূপালী ব্যাংক কেনার ব্যাপারে দরপত্রের জন্যে কাগজপত্র জমা দেবে বলে সূত্র জানিয়েছে।

রূপালী ব্যাংকের পুনর্গঠন প্রক্রিয়ায় সফররত প্রতিনিধি দল জড়িত হলে ব্যাংকটি আন্তর্জাতিক মানের একটি ব্যাংকে রূপান্তরিত হবে বলে এনাম আহমেদ চৌধুরী মত প্রকাশ করেন।

তিনি সাংবাদিকদের বলেন, সৌদি বিনিয়োগকারীরা দেশের বিদ্যুৎ ও পর্যটন খাতে বিনিয়োগের ব্যাপারেও আগ্রহী।

বেসরকারিকরণ করা হলেও রূপালী ব্যাংকে কর্মরত কাউকেই বরখাস্ত করা হবে না। তবে এ প্রক্রিয়ার ক্ষেত্রে গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা থাকবে বলেও বেসরকারিকরণ কমিশনের চেয়ারম্যান জানান।

এনাম আহমেদ চৌধুরী জানান, নিলামে অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত সাতটি প্রতিষ্ঠান থেকে বাছাই করে সর্বোত্তম প্রতিষ্ঠানের কাছে ব্যাংকটি হস্তান্তর করা হবে।

প্রতিনিধি দলের প্রধান ইউসুফ হামেদ গারজাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ পেলে তারা খুব খুশি হবেন।

বাংলাদেশের মতো সুন্দর একটি দেশে বিনিয়োগ করতে অনেক কোম্পানিই আগ্রহী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সাতটি বহুজাতিক কোম্পানি এবং স্থানীয় তিনটি ব্যাংক ও অর্থ প্রতিষ্ঠান রূপালী ব্যাংক কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এদের মধ্যে সাতটি কোম্পানিকে বাছাই করা হয় বলে বেসরকারিকরণ কমিশন সূত্র জানায়।

রূপালী ব্যাংক কেনার ব্যাপারে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: ডমেস্টিক ইনভেস্টরস কনসোর্টিয়াম, সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্কেন্টাইল করপোরেশন প্রাইভেট লিমিটেড বাংলাদেশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএমও নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট ফাইনান্স কোম্পানি (যৌথভাবে চারটি কোম্পানি), স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ওমানের স্যাবরি ক্যাপিটাল ওয়ার্ল্ডওয়াইড লিমিটেড,  সৌদি আরবের পিন্স বান্দার বিন মুহম্মদ আব্দুর রহমান আল সৌদ, মালয়েশিয়ার মা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট লিমিটেড, যুক্তরাজ্যের জেজে ফাইন্যান্স লিমিটেড।