থোক বরাদ্দ থেকে তহবিল ব্যবহারে সরকারের অবস্থানের পক্ষে অর্থমন্ত্রীর ব্যাখা
নির্বাচনের আগে সরকার বরাদ্দের সকল অর্থ ব্যয় করে যাবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলোর কাজ শুরু করতে কমপক্ষে আরও চার থেকে পাঁচ মাস সময় লাগবে।
থোক বরাদ্দ ব্যবহার করে বিভিন্ন উন্নয়ন প্রকল্প অনুমোদনের পক্ষে ব্যাখা দিয়ে তিনি বলেন, কোনও প্রকল্পের স্পেসিফিকেশন না পাওয়া পর্যন্ত সরকার তাতে অনুমোদন দেয় না। আর প্রকল্প অনুমোদন মানেই তার কাজ শুরু হয়ে যাওয়া নয়।
সাইফুর রহমান প্রশ্ন করেন, নির্বাচন সামনে থাকায় সরকার কি কোনও ধরনের উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া বন্ধ রাখবে? তিনি বলেন, আগামী নির্বাচনের আগে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে ‘লুটপাটের’ কোনও প্রশ্নই ওঠে না।
নগরীর এনইসি সম্মেলন কক্ষে সাইফুর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)’র প্রথম সংশোধিত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুর রহমান এ কথা বলেন।
বৈঠকে ৪’শ ৮ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ প্রায় ১ হাজার ৫’শ ৮৯ কোটি টাকা ব্যায়ের ৮ টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়।
১৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চাঁদপুর কমবাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সংশ্লিষ্ট সঞ্চালন ব্যাবস্থা প্রকল্পটি পরবর্তী পরীক্ষার জন্য ফেরত পাঠানো হয়। এছাড়া দূর্নীতি দমন কমিশন থেকে দূর্নীতির অভিযোগের প্রেক্ষিতে জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত মহাসড়কের নির্মাণ কাজ প্রকল্পটি বৈঠকে বাতিল করা হয়।
প্রকল্প অনুমোদন ও তহবিল মঞ্জুর বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ করে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, সরকার একটি চলমান প্রক্রিয়া, যা কাজ ছাড়া বসে থাকতে পারে না।
তিনি বলেন, ১ হাজার ৭’শ ৩৭ কোটি টাকা ব্যায়ের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প--২ (আরআইআইপি) (১ হাজার ১’শ ৯৮ কোটি টাকা প্রকল্প সাহায্য) কাজ শুরু করতে আরো আন্তত চার পাঁচ মাস সময় লাগবে এবং বর্তমান সরকারের এখানে লুটপাটের কোন সুযোগই নেই।
ওই প্রকল্পের অর্থ লুটপাট বিষয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাখান করে মন্ত্রী সাংবাদিকদের বলেন, এমনকি ঋণ চুক্তিও এখন পর্যন্ত সাক্ষরিত হয়নি, আমি মনে করি নভেম্বর--ডিসেম্বরের আগে এই অর্থ ব্যায়ের কোন সুযোগ নেই।
একনেকের বুধবার অনুষ্ঠিত বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৬শ’ ৬৭ কোটি টাকা ব্যায়ের আবাসন (দারিদ্র বিমোচন ও পূর্নবাসন ) প্রকল্প, ৬৫ কোটি টাকা ব্যায়ের ফরিদপুর-গোপালগঞ্জ-রাজবাড়ী সমন্বিত এলাকা উন্নয়ন প্রকল্প, ৫০ কোটি টাকা ব্যায়ের পুলিশ বিভাগের জরাজীর্ণ থানা ভবনগুলো টাইপ প্লানে নির্মাণ, ১শ’ ৩ কোটি টাকা ব্যয়ের বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের আখাউড়া-সিলেট সেকশনের ১০ টি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যাবস্থার আধুনিকীকরণ, ১শ’ ১৬ কোটি টাকা ব্যায়ে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ১৪ টি স্টেশনের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যাবস্থা প্রতিস্থাপন ও আধুনিকীকরণ, ২শ’ ৮২ কোটি টাকার লিগ্যাল অ্যান্ড জুডিশিয়াল ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্প, ১শ’ ৬৪ কোটি টাকার চট্টগ্রাম মদুনাঘাট পানি সরবরাহ প্রকল্প, ১শ’ ৪২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন দক্ষতা উন্নয়ন প্রকল্প।
