২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকারি বিক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আমদানিকারকদের দায়ী করলেন

বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদের সাথে বৈঠকে পাইকারি বিক্রেতারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য আমদানিকারকদের দায়ী করে দ্রুত ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন প্রণয়নের তাগিদ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 06:26 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

একই সাথে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ভোক্তাদের কাছে পৌঁছাতে বেসরকারি পর্যায়ের পাশাপাশি সরকারিভাবে বিভিন্ন পণ্যের আমদানি এবং বাজার মনিটরিং করার পরামর্শ দিয়েছেন পাইকারি বিক্রেতারা।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী দেশের পাইকারি বিক্রেতাদের সাথে বৈঠক করেন।

এতে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন, পাইকারি চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার আবুল হারেস, চিনি ডিলার সমিতির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল, ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী গোলাম মাওলাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতেই ব্যবসায়ী নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে বাণিজ্য মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ বিভিন্ন সংবাদপত্র ও মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, দ্রব্যমূল্য সংক্রান্ত খবর আমাদের মিডিয়ার প্রধান খোরাক। মুক্তবাজার অর্থনীতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের কিছুই নেই। কিন্তু আমাদের দেশের মানুষ বাণিজ্য মন্ত্রণালয়ের কাছেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আশা করে। এর জন্য মিডিয়াই দায়ী।

বৈঠক শেষে মন্ত্রী হাফিজউদ্দিন আহম্মেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, গোয়েন্দা সংস্থাগুলো বাণিজ্য মন্ত্রণালয়ের সিন্ডিকেট চিহ্নিত করেছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তারাই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

বৈঠকে আগামী রমজানসহ বিভিন্ন পর্যায়ে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ক্রয়সীমার মধ্যে রাখতে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

তিনি জানান, ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের বৃদ্ধির জন্য আমদানিকারকদের দায়ী করে বলেছেন, পাইকারি বিক্রেতারা আমদানি করে না। তারা আমদানিকারকদের কাছ থেকে কিনে তাদের দেওয়া দামে বাজারে বিক্রি করে। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে খুচরা বিক্রেতারা অধিক মুনাফায় বাজারে বিক্রি করে। তাদের অন্যায্য মুনাফার জন্যই বাজারে জিনিসের দাম বাড়ে।

বাণিজ্য মন্ত্রী বলেন, বাজারে ব্যবসায়ীদের কাছে মন্ত্রণালয়ের মাধ্যমে মূল্য তালিকা পাঠালেও কোনো লাভ হয়নি। এসব মূল্য তালিকা অকার্যকর হয়ে পড়েছে। তাই সরকার আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি চিনিসহ বিভিন্ন পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে বলেন, বাজেটে বিভিন্ন পণ্যের ওপর আরোপিত শুল্ক হ্রাসের পর এসব পণ্যের দাম বেশ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু ভারত থেকে ডাল ও চিনিসহ বিভিন্ন পণ্যের আমদানি বন্ধ হওয়ায় আবারো নতুন করে দাম বাড়ছে।

তিনি বলেন, এ অবস্থায় ব্যবসায়ীরা বিকল্প হিসেবে অন্য দেশ থেকে এসব পণ্য আমদানির চেষ্টা করছে। এসব পণ্য আসলেই দাম আবারো সহনশীল পর্যায়ে চলে আসবে।

বাণিজ্য মন্ত্রী জানান, সরকার টিসিবির মাধ্যমে প্রায় দুই হাজার টন চিনিসহ বিভিন্ন পণ্য আমদানি করবে। এছাড়াও স্থানীয় বাজার থেকে পণ্য কিনে ভর্তূকি দিয়ে তা বাজারে ছাড়া হবে। যাতে রমজানে মানুষের দূর্ভোগ না বাড়ে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজউদ্দিন আহম্মেদ বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইনের খসড়া তৈরী করে মন্ত্রিপরিষদের সভায় উত্থাপন করা হয়েছে। আইনটি আরো পরীক্ষা - নিরীক্ষার জন্য ফেরৎ পাঠানো হয়েছে। অচিরেই ভোক্তা স্বার্থ সংরক্ষণ আইন প্রণীত হবে।