২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদ কাজে তহবিলের জন্য নির্বাচন কমিশনের নতুন প্রস্তাব পরীক্ষা করবে অর্থ মন্ত্রণালয়

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ কাজে নির্বাচন কমিশনকে তহবিল দেওয়ার নতুন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পরীক্ষা করে দেখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

নির্বাচন কমিশনকে নতুন তহবিল দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, তহবিলটা ‘সৎপাত্রে’ যাচ্ছে কিনা তা আমাদের যাচাই করে দেখতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ সমর্থন করে সাইফুর রহমান বলেন, জনগণের টাকা সঠিক পথে যাচ্ছে কিনা মন্ত্রণালয়কেই তা নিশ্চিত করতে হবে।

নগরীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)’র বৈঠকের (রিভাইজড) পর সাংবাদিকদের সাথে আলাপকালে সাইফুর রহমান এ কথা বলেন।

সূত্র জানায়, নির্বাচন কমিশন মঙ্গলবার তার নতুন প্রস্তাবে ভোটার তালিকা হালনাগাদের জন্য সরকারের কাছে ৩৭ কোটি টাকা চেয়েছে। এর আগে সরকার ভোটার তালিকা প্রণয়নের জন্য নির্বাচন কমিশনকে ৬৪ কোটি টাকা বরাদ্দ দেয়।

ওই অর্থ ব্যয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত ভোটার তালিকা পরে সুপ্রীম কোর্ট বাতিল করে দেয়।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, সার্বিক অবস্থা বিশ্লেষণ না করেই অর্থ মন্ত্রণালয় ওই তহবিল দেবে এমনটা ভাবার কোনও কারণ নেই।

তিনি বলেন, অর্থ মন্ত্রণালয় জনগণের কাছ থেকে তাদের অধিকতর কল্যাণে ব্যয় করার জন্যই কর সংগ্রহ করে। জনগণের অর্থ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।