প্রতিবছর অর্থনীতিতে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পাঁচ হাজার কোটি টাকার অবদান রাখছে
প্রতিবছর দেশের অর্থনীতিতে প্রায় ৪০ হাজার লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রায় পাঁচ হাজার কোটি টাকার অবদান রাখছে। ২০০৪ -- ০৫ অর্থবছরে এই খাত থেকে প্রায় ৮৫ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানী আয় হয়।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বিইআইওএ) মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য উত্থাপন করে। সমিতির পক্ষ থেকে এ খাতের জন্য পৃথক শিল্প পার্ক, সহজ শর্তে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তির নিশ্চয়তা এবং তাদের উৎপাদিত পণ্যের মান উন্নয়নে একটি পৃথক সেল স্থাপন করার দাবি জানানো হয়।
বিইআইওএ’র সভাপতি আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাতের ৪০ হাজার শিল্প -- কারখানার সাথে প্রায় ছয় লাখ মালিক, উদ্যোক্তা, কারিগরি বিশেষজ্ঞ এবং দক্ষ ও অদক্ষ কর্মী নিয়োজিত রয়েছে। প্রতিটি শিল্পে গড়ে দুকোটি হিসেবে প্রায় ৮০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এ খাতে। ২০০৫-- ০৬ অর্থবছরে এ খাত থেকে রপ্তানী আয় ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
তিনি বলেন, এ খাতকে ২০০৫ সালে প্রনীত শিল্পনীতিতে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিজনেস প্রোমোশন কাউন্সিল গঠন করা হয়েছে।
সরকারি উদ্যোগ সত্বেও এ খাতে বেশকিছু সমস্যা বিরাজ করছে। এসব সমস্যার সমাধানে সরকারি ও বেসরকারিভাবে উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ক্ষুদ্র শিল্পের জন্য এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বরাদ্দ করা ২০০ কোটি টাকা প্রশাসনিক জটিলতার কারণে দুবছর পর ছাড় করা হয়েছে। এসব অর্থ ছাড় হলেও কোনো ক্ষুদ্র শিল্পকে সরাসরি না দিয়ে ১৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বন্টনের ব্যবস্থা করা হয়েছে।
এতে সুদের পরিমান প্রায় ২০ শতাংশ; এটি ক্ষুদ্র উদ্যোক্তাদের আরো বেশি করে ক্ষতিগ্রস্ত করবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিপিসি’র নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, বুয়েটের শিক্ষক অধ্যাপক এম কামালউদ্দিন, সমিতির কর্মকর্তা সুলতান আহম্মেদ ভূঁইয়া, কামাল মিয়া, আনোয়ার হোসেন, ইসা হাক্কানী প্রমুখ।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে আয়োজিত ‘লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও শিল্প উন্নয়নে সচেতনতা কর্মসূচি’ শীর্ষক প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয় ওই সংবাদ সম্মেলন।
বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি), বিইআইওএ এবং সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটি (এসওডিএফ) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে।
৪০টি দেশীয় উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩৫টি স্টল এ প্রদর্শনীতে অংশ নিচ্ছে।
এতে পাট, টেক্সটাইল, চিনি, কাগজ, গার্মেন্টস, চা প্রক্রিয়াজাতকরণ, রাবার ও প্লাস্টিক, রেলওয়ে, নৌ -- পরিবহণ, বিদ্যুত কেন্দ্র, পরিবহন, নির্মাণ ও ওষুধ শিল্পসহ বিভিন্ন কল --কারখানার দেশে উৎপাদিত খুচরা যন্ত্রাংশ প্রদর্শিত হচ্ছে।
