কাঁচামরিচের ঝাল এখন ১০০ টাকা!
বাজারে কাঁচামরিচের ঝাল এখন এক লাফে বেড়ে প্রতি কেজি ১০০ টাকায় দাঁড়িয়েছে। কাঁচামরিচ ছাড়াও এ সপ্তাহের চড়া বাজারে ডিমের হালি ২০ টাকা, মুরগির দাম বেড়ে প্রতি কেজি ৯০ টাকা, গরুর মাংস প্রতি কেজি দেড়শ টাকা করে বিক্রি হচ্ছে।
একদিকে বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আছে নয়া বাণিজ্যমন্ত্রীর ফাঁকা হুঙ্কার; অন্যদিকে অবৈধ ফড়িয়া ও মজুদদারির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নিু আয়ের মানুষের উঠেছে নাভিশ্বাস। ক্রেতা -- বিক্রেতা সবাই বলছেন, হঠাৎ করেই কখন ও কেন কোন পণ্যের দাম বাড়বে -- এখন আদৌ তার ঠিকঠিকানা নেই।
রাজধানীর কাওরানবাজার ও ফকিরাপুলের কাঁচাবাজার শুক্রবার ছুটির দিনে দেখা যায়, কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৪৫ টাকা থেকে বেড়ে এ সপ্তাহে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ সুযোগে শুকনো মরিচের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ২৫ টাকা। এখন শুকনা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১২৫ টাকায়।
অন্যদিকে দেশি ও ফার্মের মুরগির ডিমের দাম বেড়েছে; এরমধ্যে আবার সবচেয়ে বেড়েছে দেশি ডিমের দাম। ডিম দাম প্রতি হালি দু’ থেকে তিন টাকা বেড়ে দেশি ডিম ২০ থেকে ২১ টাকায় বিক্রি হচ্ছে; ফার্মের মুরগির ডিম দাম এখন প্রতি হালি ২০ টাকা।
পাশাপাশি গত তিনদিনে বেড়েছে দেশি ও ফার্মের মুরগির মাংসের দাম। ফার্মের মুরগি প্রতি কেজি পাঁচ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৯০ টাকায়।
তবে গত কয়েক মাস পর দেশি রসুনের (৮০ টাকা) চেয়ে কম দামে ভারতীয় রসুন ( ৬০ টাকা কেজি) বিক্রি হচ্ছে।
কাওরানবাজারের কাঁচামাল বিক্রেতা রহিম বকস বিডিনিউজকে জানান, কাঁচামরিচের মওসুম এখন প্রায় শেষ। উপরন্তু গত এক সপ্তাহের বৃষ্টিতে মরিচ গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ গেছে কমে ।
তিনি বলেন, এ সুযোগে কিছু পাইকারি বিক্রেতা দাম মরিচের বাড়িয়ে দিয়েছে। এ জন্য আগের বছরগুলোর তুলনায় এবার দাম বেশি।
একই বাজারের ডিম বিক্রেতা সুদীপ ঘোষ বলেন, দেশি মুরগীর ডিমের সরবরাহ কম থাকায় এর প্রভাব পুরো বাজারের ডিমের দামের ওপর পড়েছে। এ বছরের শুরুতেই ফার্মের মুরগির ডিম সরবরাহ কম ছিল। নতুন করে বর্ষা শুরু হতেই দেশি ডিম সরবরাহ কমেছে। তাই এ সপ্তাহে দেশি মুরগির দামও বেড়েছে।
কাঁচাবাজারগুলোতে বর্ষার মওসুমের প্রভাব লক্ষ্য করা গেছে। বিক্রেতারা জানান, গত কয়েকদিনে বাজারে বেশ কিছু টাটকা ও কাঁচা পণ্যের সরবরাহের বড় ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। তারা আশংকা প্রকাশ করছেন, এবার মওসুম পরিবর্তনের সুযোগ নিয়ে বেশ কিছু কাঁচা পণ্যের দাম বাড়তে পারে।
