কর ন্যায়পাল নিয়োগের ফলে রাজস্ব আয় বাড়বে: সাইফুর
কর ন্যায়পাল নিয়োগের ফলে চলতি অর্থবছর থেকে রাজস্ব আদায় বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম. সাইফুর রহমান।
দেশের প্রথম কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী মঙ্গলবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর সাথে বৈঠক করেন। বৈঠকের পর সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, কর ন্যায়পালের মাধ্যমে করদাতারা হয়রানি থেকে রক্ষা পেলে আয়কর দাখিলে উৎসাহিত হবেন এবং এর ফলে স্বাভাবিকভাবেই সরকারের রাজস্ব আয় বাড়বে।
কর ন্যায়পাল নিয়োগের ফলে ক্ষুদ্র ও মাঝারি করদাতারা বৃহৎ করদাতাদের চেয়ে বেশি লাভবান হবে বলেও তিনি জানান।
সাইফুর জানান, করদাতাদের এখন আর বছরের বছর ধরে আদালতের বারান্দায় ঘোরাফেরা করতে হবে না। কর ন্যায়পাল করদাতাদের আপত্তির নিষ্পত্তি করবেন।
বিভিন্ন ফি এবং অন্যান্য কারণে এখন থেকে করদাতাদের আর বিপুল পরিমাণ অর্থ ও সময় আদালতে ব্যয় করতে হবে না বলে অর্থমন্ত্রী জানান।
তিনি মন্তব্য করেন, করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যকার সম্পর্ক উন্নতির মাধ্যমে কর আদায় সহজতর ও বেশি হবে।
তিনি আরও বলেন, কর ন্যায়পালের কার্যালয় হবে একটি গতিশীল প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান প্রথম করদাতাদের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করবে।
দুর্নীতি দমন কমিশনের মতো এ প্রতিষ্ঠানকে জটিলতার মুখোমুখি হতে হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
কর ন্যায়পাল খায়রুজ্জামান চৌধুরী বলেন, কর ন্যায়পালের কার্যক্রম গতিশীল হবে।
তিনি জানান, কর ন্যায়পাল জনবলকাঠামোর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা সরকারের অনুমোদন পাবে। সময় ও প্রয়োজনের দাবি বিবেচনায় রেখে জনবলকাঠামো পরিবর্তন করা যাবে বলে তিনি উল্লেখ করেন।
খায়রুজ্জামান সাংবাদিকদের আরও জানান, প্রতিষ্ঠানকে কার্যকর করতে এখন প্রয়োজন স্টাফ এবং সরঞ্জাম সহায়তা।
করদাতাদের স্বার্থ দেখাশোনাই ন্যায়পালের প্রধান দায়িত্ব বলে তিনি জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নিজে থেকে কোনও কর নির্ধারণ করেন না, তাই তার বিরুদ্ধে অভিযোগ আনার কোনও সুযোগ নেই।
