২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ও পাকিস্তান বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায়

বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্ম আরোপ করেছে। পাকিস্তান সফররত বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী শাহ আবুল হোসেন ও সেদেশের অর্থমন্ত্রী ওমর আইয়ুব ইসলামাবাদে সোমবার অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ জোরারোপ করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2006, 04:45 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

সার্ক অর্থমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে অর্থ প্রতিমন্ত্রী আবুল হোসেন বর্তমানে পাকিস্তানে আছেন। 

বৈঠকে দু পক্ষই বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দু দেশের জনগণের স্বার্থে পারস্পরিক ব্যবসা -- বাণিজ্য আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পাক ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সার্ক দেশগুলোর অর্থমন্ত্রীদের সম্মেলন আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে দু দেশের মন্ত্রীই আশা প্রকাশ করেছেন।

বৈঠকে বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রীর সাথে ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সামি মুহম্মদ এবং অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী।

পাকিস্তান অর্থ মন্ত্রণালয়ের সচিব তানভীর আলী আগা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পাকিস্তানি অর্থমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে পাকিস্তান সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশকে অবহিত করেন।

তিনি বলেন, সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত কয়েক বছরে ছয় থেকে আট শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, দু দেশই জ্বালানি সংকটে ভূগছে এবং তেল আমদানি করতে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করছে। বাংলাদেশকে জ্বালানি খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তানও সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য বজায় রাখতে তেল ও গ্যাসের মূল্য বাড়িয়েছে।

এছাড়া গ্রামীণ উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতি জোরদারের ব্যাপারেও দু পক্ষের মধ্যে মতবিনিময় হয়েছে। বৈঠকে দু দেশের মধ্যে প্রচলিত কর ব্যবস্থা, দারিদ্র্য বিমোচন এবং সমন্বিত আঞ্চলিক অর্থনীতিসহ বিভিন্ন বিষয় আলোচিত হয়।