২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সিদ্ধান্তহীনতার মুখে টাটার বিনিয়োগ প্রস্তাব স্থগিত- আপডেট

সরকারের অব্যাহত সিদ্ধান্তহীনতার প্রেক্ষাপটে ভারতীয় শিল্পগোষ্ঠী টাটা বাংলাদেশে তাদের ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব স্থগিত ঘোষণা করেছে। সোমবার বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এবং জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে বৈঠক শেষে টাটা সন্সের নির্বাহী পরিচালক এলান রোজলিন সাংবাদিকদের এ কথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তিনি বলেন, সরকার টাটার প্রস্তাব বিবেচনার প্রশ্নে অর্থনৈতিক বিষয়ের চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দিয়েছে। তাদের অব্যাহত সিদ্ধান্তহীনতায় আমরা হতাশ। তাই বিনিয়োগ প্রস্তাবের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হচ্ছে। তবে আমরা আমাদের প্রস্তাব প্রত্যাহার করছি না। 

সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পেলে টাটা পুনরায় তাদের কাজ শুরুর বিষয়টি বিবেচনা করবে বলে তিনি উল্লেখ করেন। 

টাটার বিনিয়োগ প্রস্তাব স্থগিতের কথা স্বীকার করে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান সাংবাদিকদের বলেন, সংশোধিত প্রস্তাবের বিষয়ে কোনো সবুজ সংকেত না পাওয়ার কারণেই টাটা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা টাটার প্রস্তাব নিয়ে কর্মরত সচিব কমিটির সাথে ১৬ জুলাই বৈঠকে বসছি। সেখানে কমিটির সুপারিশ চূড়ান্ত করে মন্ত্রিসভা কমিটিতে পেশ করা হবে। 

তিনি জানান, মন্ত্রিসভা কমিটি ৭ দিনের মধ্যে তাদের সুপারিশসহ প্রতিবেদন পেশ করবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের আলোকে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে বিনিয়োগ বোর্ড তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। 

চলতি মাসের শুরুতে মাহমুদুর রহমান টাটার বিনিয়োগ প্রশ্নে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানান যে, নির্বাচনের আগে টাটার বিনিয়োগ নিয়ে সরকারের পক্ষে সিদ্ধান্ত নেয়া সম্ভব নয়। তার একদিন পরে টাটা সন্সের নির্বাহী পরিচালক মুম্বাইয়ে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানান, টাটা বাংলাদেশ থেকে তাদের বিনিয়োগ প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্ত না নিলেও সিদ্ধান্তহীনতা এবং সময়ক্ষেপণের কারণে হতাশ। বাংলাদেশ সরকারের কাছ থেকে দ্রুত সিদ্ধান্ত পাওয়া না গেলে টাটার জন্যে আর অপেক্ষা করা সম্ভব নাও হতে পারে।

২০০৪ সালের ১৩ অক্টোবর টাটা বাংলাদেশে স্টিল, সার ও বিদ্যুৎ উৎপাদন এবং কয়লা খনি উন্নয়নে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যে এক্সপ্রেশন অব ইন্টারেস্ট এ স্বাক্ষর করে। পরে এই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৩ বিলিয়ন মার্কিন ডলার করা হয়। 

টাটা তাদের প্রকল্পের ব্যাপারে গত বছরের সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্যতা নিরীক্ষা এবং চলতি বছরের ফেব্র“য়ারি মাসে সরকারের সাথে মধ্যস্থতা শেষ করে। কিন্তু গ্যাসের দামের প্রশ্নে টাটা এবং বাংলাদেশের মধ্যে সমঝোতা না হওয়ায় টাটা গত ৩০ এপ্রিল বিনিয়োগ নিয়ে চূড়ান্ত এবং সংশোধিত প্রস্তাব সরকারের কাছে পেশ করে। তখন টাটার পক্ষ থেকে মে মাসের মধ্যে তাদের প্রস্তাব বিবেচনা শেষে গ্রহণযোগ্য হলে জুন মাসের মধ্যে চুক্তি স্বাক্ষরের অনুরোধ জানানো হয়। 

বিনিয়োগ প্রস্তাবে টাটা বার্ষিক ২ দশমিক ৪ মিলিটন টন উৎপাদন ক্ষমতার একটি স্টিল মিল, বার্ষিক ১ মিলিয়ন উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউরিয়া সার কারখানা স্থাপন, ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং বড়পুকুরিয়া কয়লা খনি উন্নয়নের প্রস্তাব করে।

তাদের সংশোধিত প্রস্তাবে প্রতিটি প্রকল্পে বিনিয়োগ ছাড়া সরকারকে ১০ শতাংশ শেয়ার দেয়ার কথা বলা হয়। আর গ্যাসের দামে প্রশ্নে প্রোডাক্ট লিকিং প্রাইসিং ফর্মূলা প্রস্তাব করা হয়।

এতে বলা হয়, প্রথম ৬ বছর প্রতি এমএমবিটিইউ গ্যাসের ফ্লোর হবে দেড় মার্কিন ডলার। ৬ বছর পর তা দাঁড়াবে ২ মার্কিন ডলার। এর সাথে সার এবং স্টিলের আন্তর্জাতিক বাজারের দাম বিবেচনা করে গ্যাসের দাম নির্ধারণ করা হবে। এতে করে প্রস্তাবকালীন সময় প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম দাঁড়ায় সারের জন্যে ৩ দশমিক ১০ মার্কিন ডলার এবং স্টিলের জন্যে ২ দশমিক ৬০ মার্কিন ডলার। আর সিলিং মূল্য প্রস্তাব করা হয়েছিল ৪ মার্কিন ডলার। 

অবশ্য টাটার নতুন দাম নিয়ে নানা পর্যায়ে সমালোচনা থাকলেও স্টিলের জন্যে যে দাম প্রস্তাব করা হয়েছিল তা বর্তমান বিশ্ববাজারের বিচারে ছিল সর্বোচ্চ।

জানা গেছে, প্রাইমারি স্টিলের জন্যে প্রতি এমএমবিটিইউ গ্যাসের দাম সৌদী আরবে ৭০ সেন্ট, ত্রিনিদাদ ও টোগোয় ১ ডলার ২ সেন্ট, কাতারে ৬৭ সেন্ট, মিশরে ৯০ সেন্ট, ভেনিজুয়েলায় ৭৫ সেন্ট, ইরানে ৪২ সেন্ট, ইন্দোনেশিয়ায় ৬৫ সেন্ট এবং কানাডায় রিরোলিং এর জন্যে ২ ডলার ৫০ সেন্ট। 

অবশ্য টাটার প্রস্তাব নিয়ে সরকারের সচিব কমিটি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি। সরকার এই প্রস্তাবকে গ্রহণযোগ্য হিসবে দেখছে কিনা তাও নিশ্চিত নয়।

এই প্রেক্ষাপটে টাটার প্রতিনিধি দল রোববার সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী আবদুল মান্নান ভুইয়া, শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকী ও নেগোসিয়েশন কমিটির প্রধান যোগাযোগ সচিব জাকির হোসেনের সাথে ভিন্ন ভিন্ন বৈঠক করে। সোমবার সকালে প্রায় এক ঘন্টা স্থায়ী বৈঠক করে মাহমুদুর রহমানের সাথে। এতে এলান রোজলিন ছাড়াও উপস্থিত ছিলেন টাটা সন্সের মহা ব্যবস্থাপক সুকরান সিং এবং প্রন্তাবিত টাটা স্টলের বাংলাদেশ প্রধান ইন্দ্রনীল সেনগুপ্ত। 

বৈঠকে শেষে এলান রোজলিন বলেন, আমরা সরকারের মন্ত্রীসহ যাদের সাথেই কথা বলেছি তারা সবাই স্বীকার করেছেন এটি ভালো প্রস্তাব। কিন্তু মুখে ভালো বললেও কোনো সিদ্ধান্ত নেচ্ছেন না, এটা হতাশাজনক। 

টাটা গ্র“প তবে কি তাদের বিনিয়োগ প্রস্তাব ফিরিয়ে নিচ্ছে জানতে চাইলে রোজলিং বলেন, “আমরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং উন্নয়নে দৃঢ়ভাবে বিশ্বাসী এবং আমরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো। কিন্তু আমাদের যদি সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তবে এই প্রকল্পগুলোর কাজকে স্থগিত করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবে না’।

অবশ্য মাহমুদুর রহমান আভাস দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলে টাটা তার সিদ্ধান্ত পাল্টাতে পারে। তবে তিনি একই সাথে বিরোধী দলকে টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে মতামত তুলে ধরার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।