ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস না থাকায় জ্বালানি খাতে বছরে একশ’ কোটি টাকা অতিরিক্ত ব্যয়
কুষ্টিয়া ভেড়ামারার “মাদার পাওয়ার ষ্টেশন” খ্যাত ৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তিনটি ইউনিটে প্রতি বছর তেল ব্যবহারের কারণে শুধুমাত্র জ্বালানি খরচ বাবদ অতিরিক্ত ব্যয় হচ্ছে একশ’ কোটি টাকারও বেশি। পাইপলাইনে গ্যাস সংযোগ না থাকার কারণে এ উদ্বৃৃত্ত অর্থ ব্যয়ের হিসাব গুণতে হচ্ছে বিদ্যুৎ খাতকে।
গত অর্থ বছরের শেষ দিকের এক হিসেব অনুযায়ী এ তথ্য পাওয়া গেছে।
সংশি¬ষ্ট সূত্র জানায়, ভেড়ামারার ঐতিহ্যবাহী বিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিটে প্রতিদিন জ্বালানি তেল হিসেবে ছয় লাখ লিটার ডিজেল ব্যয় হয়। যা বহনের জন্য প্রয়োজন হয় ১২টি রেলওয়ে ওয়াগন। অতিরিক্ত এ জ্বালানি তেল ব্যয়ের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ পড়ে বর্তমানে প্রায় ১১ টাকা। আর এ অধিক মূল্যে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রয় হয় মাত্র তিন টাকায়। দেশের উত্তর ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের লোডশেডিং ও লো-ভোল্টেজ কাটিয়ে উঠার স্বার্থে প্রচুর লোকসান দিয়েও বিদ্যুৎ কেন্দ্রটি সচল রাখা হয়েছে।
গত ২০০৫-’০৬ অর্থবছরের বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের হিসাব থেকে জানা গেছে, এক বছরে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটে শুধু মাত্র জ্বালানি খাতে অতিরিক্ত ব্যয় হয়েছে একশ’ ৭ কোটি টাকা। ওই অর্থবছরে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে জ্বালানি তেল বাবদ খরচ হয়েছে প্রায় একশ’ ১৭ কোটি টাকা। এক্ষেত্রে তেলের পরিবর্তে যদি গ্যাস ব্যবহার করা হত তাহলে এক বছরে ব্যয় হত মাত্র ১০ কোটি টাকারও কম।
সূত্রটি আরও জানায়, জ্বালানি তেল (এইচ.এস.ডি) ব্যবহৃত বিদ্যুৎ কেন্দ্রকে জ্বালানি গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে পরিণত করতে যে প্রযুক্তি ব্যবহার করতে হবে তার যন্ত্রাংশ বাবদ ব্যয় হবে মাত্র ৫ থেকে ৬ কোটি টাকা। অন্যদিকে ২০ ইঞ্চি ডায়ামিটার পাইপ লাইন গ্যাসফিল্ড হতে ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পর্যন্ত নির্মাণ করতে আনুমানিক ব্যয় হবে ৫শ‘ কোটি টাকা। যা বিদ্যমান ৬০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট ও প্রস্তাবিত সাড়ে ৪শ‘ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মোট জ্বালানি খরচের এক বছরের অতিরিক্ত তেল খরচের দামের সমান।
দেশের উত্তরাঞ্চলে গ্যাস লাইনের ব্যাপক প্রসার ঘটলেও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কোন অসুবিধা না থাকা সত্ত্বেও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস লাইন সম্প্রসারিত হয়নি।
খতিয়ান পর্যালোচনায় দেখা গেছে, যমুনা সেতু চালু হওয়ার পর থেকে অর্থাৎ যখন থেকে গ্যাসের পাইপ লাইন টানার সুযোগ সৃষ্টি হয় তখন থেকে এ পর্যন্ত ভেড়ামারা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তিনটি ইউনিটে শুধু মাত্র জ্বালানি তেল খরচ বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা। সরকারের সদিচ্ছার অভাবে বিদ্যুৎ খাতকে প্রতি বছর এ মোটা অংকের অর্থ অপচয় করতে হচ্ছে।
