চুড়িহাট্টাঃ দানার হাট, দানা নিয়ে ব্যবসা
পুরনো ঢাকার ইতিহাস আর ঐতিহ্যের সাথে চুড়িহাট্টার ‘দানা’ নামটি নিবিড়ভাবে জড়িত।
প্লাস্টিক তৈরির কাঁচামালের প্রক্রিয়াজাত ও পরিবর্তিত রূপের আঞ্চলিক নাম দানা।
আজকের দিনে একজন মানুষ ঘুম থেকে উঠে যে টুথব্রাশটি ব্যবহার করেন এবং রাতে ঘুমোবার আগে যে সুইচটি টিপে ঘরের বাতি বন্ধ করেন সবই প্লাস্টিকজাত পণ্য। এমনিভাবে গৃহস্থালির কাজে ব্যবহৃত মগ, বালতি, পানির ট্যাংক থেকে শুরু করে ওষুধের প্যাকেট, প্রসাধনীর বোতল, বৈদ্যুতিক তারের অন্তরক, ফার্ণিচার, টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের বহিরাবরণসহ দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যবহার করা হয় প্লাস্টিকজাত পণ্য।
বাংলাদেশে প্লাস্টিকজাত পণ্যের চাহিদা পূরণের জন্য গড়ে উঠেছে ছোট, বড় ও মাঝারি আকারের অনেকগুলি প্লাস্টিক কারখানা। কিন্তু প্লাস্টিক তৈরির কাঁচামাল (বিশেষ প্রক্রিয়াজাত নাইট্রো সেলুলোজ) এর উৎপাদন বাংলাদেশে নেই। তাই এদেশের প্লাস্টিক পণ্য তৈরির শিল্প কারখানাগুলোকে কাঁচামালের জন্য নির্ভর করতে হয় বিদেশের উপর। বিদেশ থেকে কাঁচামাল আমদানি ও সরবরাহের জন্য রাজধানী ঢাকার দক্ষিণ - পশ্চিমাঞ্চলের পুরোনো ঢাকার চুড়িহাট্টা দীর্ঘদিন থেকেই সুপরিচিত।
বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির থেকে বকসীবাজার ও খাজেদেওয়ান এলাকা হয়ে দেড় কিলোমিটার দূরত্বে পুরনো ঢাকার জনঘনবসতিপূর্ণ এলাকা চুড়িহাট্টা। রাস্তার দু’পাশে গড়ে ওঠা দালানে চেপে ধরা সরুরাস্তায় রিকসা এবং রিকসাভ্যান ছাড়া অন্য কোনো যানবাহনের চলাচল নেই। যানহীন, জটমুক্ত ঘন - দালান বেষ্টিত এই এলাকাটিই দেশের প্লাস্টিক শিল্পের কাঁচামাল আমদানি এবং সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্রস্থল। কে.বি উর্দূ রোড, হরনাথ ঘোষ রোড এবং হায়দার বক্স লেনের পারপাশে লোনাধরা পুরনো দালানগুলোর ভেতরেই দানার জমজমাট কারবার। প্রায় ৪০ বছর ধরে এ এলাকার মানুষ দানা ব্যবসা পেশার সাথে জড়িত। দানাকে কেন্দ্র করে চুড়িহাট্টায় চলে তিন রকমের ব্যবসা, সৃষ্টি হয়েছে পাঁচ ধরণের পেশা।
চুড়িহাট্টার দানা ব্যবসার সাথে জড়িত মানুষের সাথে কথা বলে জানা যায়, প্রধানত কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয় দানার আদি উপকরণ। যার আঞ্চলিক নাম ‘ধূলা’। হাতে গোনা কিছু ব্যবসায়ী বিদেশ থেকে ধূলা আমদানি করেন। তাদের হাত থেকে এই ধূলা চলে যায় পাইকারি বিক্রেতাদের কাছে। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে ধূলা কিনে নেয় দানা প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলি।
কারখানাগুলোতে বিশেষ প্রক্রিয়ায় প্রথমে ধূলার সাথে বিভিন্ন রঙ মেশানো হয়। পরে যান্ত্রিক উপায়ে তেল ও কর্পূর মিশিয়ে তা নমনীয় করা হয়। সবশেষে গম ও ভূট্টা দানার মাঝামাঝি এক ধরণের আকৃতিতে রূপান্তরিত করার মধ্যদিয়ে শেষ হয় দানা তৈরি। প্রস্তু‘তকৃত এই দানাও ধূলার মতোই পাইকারি বিক্রেতাদের হাত হয়ে চলে যায় প্লাস্টিক পণ্য তৈরির কারখানায়। সব মিলে চুড়িহাট্টা সবধরণের দানা কারবারির মিলন মেলা যেন।
চুড়িহাট্টায় দানা প্রক্রিয়াজাতকরণ কারখানা হিসেবে ‘হাজী মহসীন ফ্যাক্টরী’ অন্যতম। নোয়াখালী ভবন নামে সুপরিচিত ভবনে এই ফ্যাক্টরির প্রায় একডজন দানা তৈরির কারখানা আছে। এখানকার টেশনিশিয়ান মুন্না জানান, তিনি প্রায় চার বছর ধরে এই ফ্যাক্টরিতে কাজ করছেন। আগে তিনি গার্মেণ্টস কারখানায় কাজ করতেন। এই পেশায় আসার জন্য তাকে বিশেষ কোন প্রশিক্ষণ নিতে হয়নি। প্রথম এক বছর শ্রমিক হিসেবে কাজ করার পর থেকে তিনি দক্ষতার সাথে টেকনিশিয়ানের কাজ করছেন।
কারখানা ঘুরে দেখা যায়, দানা তৈরিতে আধুনিক কোনো যন্ত্রপাতির ব্যবহার করা হয় না। শ্যালো জাতীয় ইঞ্জিনের সাহায্যে দেশে উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে ধূলা থেকে তৈরি করা হয় দানা। কম আয়তনের জায়গাতেই গড়ে উঠতে পারে দানা কারখানা। মুন্না বলেন, ‘তিন - চারজন শ্রমিক ও একজন টেকনিশিয়ান সহ পাঁচ - ছয় জন মিলে অনায়াসেই চালানো যায় একটি দানা প্রক্রিয়াজাতকরণ কারখানা ।’
পুরনো ঢাকার এই চুড়িহাট্টায় আরো প্রায় শতাধিক দানা কারখানা আছে। এই দানা কারখানাগুলোর পাশেই আছে দানা বিক্রির দোকান। চুড়িহাট্টা মসজিদ সংলগ্ন দানা ব্যবসায়ী মোঃ মিজানুর রহমান একজন অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি। চাকুরী থেকে অবসরের পর তিনি নিজ বাড়ির একটি রুমেই এই ব্যবসা শুরু করেছিলেন। তিনি জানান, এই ব্যবসা তার জীবনে নতুন মাত্রা সংযোজন করেছে। জীবনযাত্রা নির্বাহের আর্থিক সঙ্গতির পথ খুলে দিয়েছে।
তার সাথে আলাপের সময় তার নিয়মিত গ্রাহক বুলু মিঞার দেখা পাওয়া যায়। বুলু এসেছেন মিরপুর থেকে। তার ছোট আকারের একটি প্লাস্টিক কারখানা আছে বলে তিনি জানালেন। অল্প পূঁজি দিয়ে ২০০২ সালে তিনি তার কারখানা আরম্ভ করেছিলেন। তিনি জানান, দেশের বিভিন্ন জেলায় তার কারখানার তৈরি প্লাস্টিক পণ্যের চাহিদা এখন ব্যাপক।
চুড়িহাট্টা ঘুরে আরেক ধরণের দানা ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়। দুই নম্বর দানাব্যবসায়ী বলে তারা নিজেদের পরিচয় দেন। তারা জানান, পাড়া ঘুরে সামান্য দামে ফেরিঅলাদের কিনে আনা প্লাস্টিক এবং ডাস্টবিন থেকে সংগ্রহ করা পুরনো ও অব্যবহৃত প্লাস্টিক পণ্য সামগ্রী ভেঙ্গে তৈরি করা দানাই দুই নম্বর দানা। ইসলামপুরের প্রায় প্রতিটি ঘরে ঘরে এই ধরণের দানা তৈরি করা হয়। এই দুই নম্বর দানাগুলো থেকে মূলত বাচ্চাদের প্লাস্টিক খেলনাসহ কমদামী নিত্য ব্যবহার্য পণ্য তৈরি হয়। ফুটপাথ এবং ফেরিঅলাদের কাছে দুই থেকে ছয় টাকা দামের ‘হরেক মাল’ নামে যে প্লাস্টিক পণ্য পাওয়া যায় সেগুলিই তৈরি হয় দুই নম্বর দানা থেকে।
চুড়িহাট্টার অপ্রশস্ত রাস্তা দিয়ে হাঁটলেই নজর কাড়ে দোকানে দোকানে সাজিয়ে রাখা বিচিত্র রঙের দানার বস্তার সারি। ঐতিহ্যময় এই দানা কেন্দ্রিক পেশা ও জীবিকার সাথে জড়িত আছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিসহ শ্রমিক, কুলি সকলে। দিনে দিনে প্লাস্টিক পণ্যের চাহিদার সাথে সাথে প্রসারিত হচ্ছে চুড়িহাট্টার দানার বাজার। পাশাপাশি বাড়ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ।
