২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাবন্দী গার্মেন্টস শ্রমিকদের মুক্তি দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ শুক্রবার বিভিন্ন গার্মেন্টস কারখানায় বিক্ষোভের পর গ্রেপ্তারকৃত গার্মেন্টস শ্রমিকদের অবিলম্বে মুক্তি দাবী করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2006, 08:37 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

তারা গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবি জানান।

নগরীর মুক্তাঙ্গনে শুক্রবার বেলা সাড়ে তিনটায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সমাবেশ থেকে ওই দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন অ্যাড. মন্টু ঘোষ, আহসান হাবিব লাবলু, গার্মেন্টস শ্রমিক টিইউসির সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাদেকুর রহমান শামীম, হাফিজুল ইসলাম, জিয়াউল কবীর খোকন, খালিদ আহম্মেদ মিলন প্রমুখ।

বক্তারা বলেন, সরকার-মালিক ও শ্রমিকের ত্রি-পক্ষীয় চুক্তিতে গার্মেন্টস শ্রমিক ও নেতৃবৃন্দের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তির কথা থাকলেও, তা প্রত্যাহার করা হয়নি। উল্টো ৪ জুলাই সাভার-আশুলিয়া অঞ্চলের গার্মেন্টস শ্রমিক নেতা আলী রেজা তুহিন ও আলী আকবরকে মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে।

এ আচরণের মাধ্যমে সরকার ও মালিকপক্ষ একদিকে যেমন শ্রমিকদের নির্যাতন করছে, অপরদিকে চুক্তিভঙ্গ করে এ শিল্পকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেও সমাবেশে বক্তারা অভিযোগ করেন।

বক্তারা অবিলম্বে আলী রেজা তুহিনসহ সব কারাবন্দী গার্মেন্টস শ্রমিকের মুক্তি ও তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ত্রি-পক্ষীয় ও দ্বি-পাক্ষিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে গার্মেন্টস খাতের সব বিরোধ নিষ্পত্তির দাবি জানান।

এ ছাড়া চুক্তি নিয়ে কোন টালবাহানা করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সব দাবি-দাওয়া আদায় করে নেওয়া হবে বলেও বক্তারা হুমকি দেন।