ড্যাপ সার আমদানীর প্রয়োজন ফুরিয়ে গেছে: সাইফুর, বিস্তারিত
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমান বলেছেন, এ বছর ডাই -- অ্যামোনিয়াম ফসফেট (ড্যাপ) সার আমদানির প্রয়োজন পড়বে না। নতুন করে প্রতিষ্ঠিত দুটি কারখানায় স্থানীয়ভাবে এরই মধ্যে এ সার উৎপাদন শুরু হয়েছে।
তিনি বলেন, আমাদের আর ড্যাপ আমদানির প্রয়োজন পড়বে না। উপরন্তু ইউরিয়া সারের ব্যবহারও কমে আসবে।
শিল্প মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন সর্ম্পকিত এক বৈঠক শেষে বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
সাইফুর রহমান বলেন, ক্রম বর্ধমান সারের চাহিদা মেটাতে সরকার দেশের বিদ্যমান ছয়টি সার কারখানা সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ সার অ্যাসোসিয়েশন’র চেয়ারম্যান কফিল উদ্দিন আহমেদ সার কারখানার সংস্কার প্রসঙ্গে বিডিনিউজকে বলেন, সরকারের উচিত পুরোনো কারখানা সংস্কারের চেয়ে নতুন কারখানা স্থাপন করা।
তবে তিনিও অর্থমন্ত্রীর সাথে একমত পোষণ করে দেশে ড্যাপ আমদানির আর প্রয়োজন নেই বলে জানান।
শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী এবং অর্থ ও শিল্প মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন।
সাইফুর রহমান আরও বলেন, চিনি আমদানির উপর নির্ভরতা কমাতে ৮০ থেকে ১০০ কোটি টাকা ব্যায়ে চার পাঁচটি চিনি কারখানারও সংস্কার করা হবে।
“চট্টগ্রাম, আশুগঞ্জ, যমুনা, ঘোড়াশাল ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) সার কারখানা গুলো তাদের উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলেছে এবং আমাদের মতোই বুড়ো হয়ে গেছে, এগুলোর ‘ওষুধের’ অর্থাৎ সংস্কার প্রয়োজন।
বিএফএ সভাপতির মতে, স্থানীয় চাহিদা মেটাতে প্রতিবছর আড়াই লাখ টন ড্যাপ আমদানি করা হয়। তিনি জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সারের টন প্রতি খরচ হয় ৫০০০ টাকা যা আমদানি খরচের চেয়ে কম।
তিনি জানান, ড্যাপ আমদানির ক্ষেত্রে টন প্রতি খরচ হচ্ছে ৩৫ হাজার টাকা।
কফিল উদ্দিন আহমেদ আরও বলেন, টিএসপি সারের বার্ষিক আমদানির পরিমান চার দশমিক পাঁচ লাখ টন যা ধিরে কমিয়ে এনে দেশীয় উৎপাদিত সার ড্যাপের ব্যবহার বৃদ্ধি করা হবে।
তিনি বিডিনিউজকে বলেন, “আমরা পূর্বের কারখানাগুলোর সংস্কার কাজে কোটি কোটি টাকা ব্যায়ের পরিবর্তে বগুরা, সিরাজগঞ্জ অথবা ইশ্বরদীতে নতুন কারখানা স্থাপন করতে পারি।”
বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কার্যালয় সূত্র জানায়, দেশে প্রতিবছর ১০ লাখ টন সার আমদানি করা হয় যেখানে মোট চাহিদা রয়েছে ৩৮ থেকে ৪০ লাখ টন।
সূত্র জানায়, ২০০৫Í০৬ অর্থবছরের ৩১ মে পর্যন্ত আট দশমিক ৩৭ লাখ টন সার আমদানি করা হয়েছে এবং এজন্যে ৩৭১ কোটি টাকা ভতুর্কির বিল দাখিল করা হয়েছে।
