২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠার ৩ বছর পরও সদস্যদের কাছ থেকে স্বত্বাধিকার ফি পায়নি বিএফটিআই

বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য ইনস্টিটিউট (বিএফটিআই) প্রতিষ্ঠার তিন বছর পরও সদস্যদের কাছ থেকে স্বত্বাধিকার ফি পায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2006, 06:51 PM

Updated : 26 Apr 2022, 03:47 PM

গত সপ্তাহে সরকার স্বত্বাধিকার তহবিল হিসেবে ২ কোটি ৩০ লাখ বিএফটিআইকে প্রদান করে। বিএফটিআইয়ের সদস্য কয়েকটি চেম্বার ও সমিতি তাদের স্বত্বাধিকার ফি এখনও পরিশোধ করেনি বলে বিএফটিআই সূত্র জানায়।

বিএফটিআইয়ের মূল লক্ষ্য হচ্ছে সরকারি ও বেসরকারি খাতকে বিশ্ব ব্যাংক (ডব্লিউটিও) সংশ্লিষ্ট নীতি ও বাণিজ্যনীতি আলোচনা।

বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শিশির কুমার দেব বলেন, সরকারের স্বত্বাধিকার তহবিল আমরা পেয়েছি। কয়েক সদস্য প্রতিষ্ঠানও আংশিকভাবে তাদের স্বত্বাধিকার ফি পরিশোধ করেছে।

বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিএফটিআইয়ের সদস্য হচ্ছে: ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)।

দেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনায় সহযোগিতা এবং উপাত্ত বিস্তারসহ প্রশিক্ষণ পরিচালনা ও গবেষণার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ঘটিয়ে রপ্তানি ক্ষেত্রে অগ্রগতি আনতে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে ২০০৩ সালের মে মাসে বিএফটিআই প্রতিষ্ঠা করা হয়।