২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য ইসলামী বিশ্বের পুঁজির প্রবেশদ্বার হতে যাচ্ছে

যুক্তরাজ্য সরকার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য ইসলামী দেশগুলোর সাথে রাজনৈতিক মতপার্থক্য দূর করা এবং ইসলামিক অর্থনীতিতে পরিচালিত শিল্প-কারখানা থেকে প্রায় ৪০০ বিলিয়ন ডলার মুনাফা লাভের আশায় মুসলিম বিশ্বের জন্য তাদের অর্থনীতি এবং ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

পাশাপাশি যুক্তরাজ্য মুসলিম বিশ্বের সাথে তার বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে ইসলামী অর্থনীতির ওপর একটি গাইডলাইন প্রস্তুত করতে যাচ্ছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।

এদিকে, নির্বাচনের আগে যুক্তরাজ্যের মুসলমানদের বিশ্বাস ও সমর্থন অর্জনে ক্ষমতাসীন লেবার দলের এটা একটা কৌশল বলে মনে করছেন বিশেজ্ঞরা। এছাড়া, তারা আরো ধারণা করছেন, ইসলামী রাষ্ট্রগুলোতে ‘মানি লন্ডারিং’ ঠেকাতে যুক্তরাজ্য এ ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে। মানি লন্ডারিং-এর অর্থে ইসলামী রাষ্ট্রগুলো সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে বলে ইংল্যান্ডের ধারনা।

গত মাসে যুক্তরাজ্যের ‘মুসলিম কাউন্সিল’ আয়োজিত ইসলামী অর্থনীতি এবং ব্যবসা –বাণিজ্যের ওপর এক আন্তর্জাতিক কনফারেন্সে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন ইংল্যান্ডের অর্থনীতিকে মুসলিম বিশ্বের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঘোষণা দেন।

ইসলামী অর্থনীতির ক্রমন্নোয়ন মুসলিম বিশ্ব এবং পাশ্চাত্যের মধ্যে ব্যবধান দূর করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের অন্যতম সহযোগী দেশ যুক্তরাজ্য মুসলিম বিশ্বের সাথে ব্যবসায়িক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী, কারণ ইসলামী অর্থনীতি সুদ মুক্ত বলে যুক্তরাজ্যের পক্ষে মুসলিম বিশ্বের সাথে ব্যবসা-বাণিজ্যে ব্যাপক লাভবান হবার সম্ভাবনা রয়েছে বলে অর্থমন্ত্রী ব্রাউন মনে করছেন।