সিসিসি’র ৩৯১ কোটি টাকার বাজেট পেশ, শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ
নতুন কোনো করারোপ ছাড়াই সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশন আগামী ২০০৬ --০৭ অর্থ বছরের ৩৯০ দশমিক ৮১ কোটি টাকার বাজেট পেশ করেছে।
মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সিসিসি অডিটোরিয়ামে বাজেট পেশকালে বলেন, এ বাজেটে সরকারের উপর নির্ভরশীলতা কমানো হয়েছে এবং আয় বৃদ্ধি প্রকল্পের ওপর জোর দেওয়া হয়েছে।
ওয়ার্ড কমিশনার ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে বাজেট পেশকালে মেয়র বলেন, আমার সরকারি তহবিলের দরকার নেই। আমার দরকার আয় বৃদ্ধি প্রকল্পের অনুমোদন। বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।
বাজেটে মেয়র সাতশ’ কোটি টাকার ৭০টি উন্নয়ন তহবিলের প্রস্তাব করেন। তিনি আশা প্রকাশ করেন স্থানীয় ও বিদেশি বিনিয়োগ থেকে অর্থের সমাগম ঘটবে।
বাজেটে প্রস্তাবিত প্রকল্পগুলো হল-- সদরঘাট থেকে কালুর ঘাট পর্যন্ত দুই লেন বিশিষ্ট মহাসড়ক, দেওয়ানহাট থেকে সিইপিজেড পর্যন্ত ফ্লাইওভার, ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্লান্ট, গার্মেন্টসের নারী শ্রমিকদের জন্য বহুতলবিশিষ্ট ডরমেটরি।
অন্য প্রকল্পের মধ্যে রয়েছে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণ, টাইগারপাসে পাঁচতারা হোটেল, স্যাটেলাইট টাউন নির্মাণ ইত্যাদি। মেযর এ সময় ২০০৫-০৬ অর্থ বছরের ২৫৪ দশমিক ৬২ কোটি টাকার খসড়া বজেটও পেশ করেন।
