দেশের প্রথম কর ন্যায়পাল হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান
সরকার শেষ পর্যন্ত দেশের প্রথম কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়ার মতো যোগ্য ব্যক্তিটিকে খুঁজে পেয়েছেন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীকে এ সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মধ্যে কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।
কর ন্যায়পাল হিসেবে এক বছর মেয়াদের জন্য নিয়োগ দিতে একজনকে খোঁজা হচ্ছিল। পছন্দসই কর ন্যায়পালের খোঁজে অর্থমন্ত্রী এম সাইফুর রহমান আমেরিকা প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও অনুসন্ধান চালান। ২০০৫ সালের ১০ জুলাই কর ন্যায়পাল সংক্রান্ত বিল পাস হলেও অর্থমন্ত্রী বলে আসছিলেন, বাংলাদেশে কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দেওয়ার মতো সৎ ও যোগ্য লোকের অভাব রয়েছে। আমেরিকায় বসবাসকারী বাংলাদেশীদের মধ্য থেকে একজন যোগ্য লোককে নিয়ে এসে কর ন্যায়পাল করার কথাও অর্থমন্ত্রী বলেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও তিনি ব্যর্থ হন।
কর ন্যায়পাল আইন ২০০৫ অনুসারে কর ন্যায়পালকে রাজস্ব খাতের দুর্নীতি নিয়ে কাজ করতে হবে এবং চার বছর মেয়াদের জন্য রাষ্ট্রপতি ব্যতিত যে কারও বিরুদ্ধে তদন্ত চালানোর অধিকার তার থাকবে।
সংশি¬ষ্ট একটি সূত্র জানায়, সরকারের শীর্ষ মহল জাতীয় রাজস্ব বোর্ডের প্রধানকে কর ন্যায়পাল হিসেবে নিয়োগ দানের ব্যাপারে সম্মতি দিয়েছে। কর ন্যায়পাল দায়িত্ব নেওয়ার পর তার অধীনে দুজন সদস্য (আয়কর ও শুল্ক) নিয়োগ দেওয়া হবে। এছাড়া অন্যান্য কর্মকর্তা এবং জেলা কার্যালয় স্থাপনের বিষয়ও প্রক্রিয়াধীন রয়েছে বলে সূত্র জানিয়েছে।
খায়রুজ্জামান চৌধুরীর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে চুক্তির মেয়াদ আগামী মাসে শেষ হয়ে যাবে। সোমবার কর ন্যায়পাল হিসেবে নিজের নাম প্রস্তাবিত হওয়ার ব্যাপারে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলকে বলেন, সংবাদপত্রে এ সংক্রান্ত খবর আমি দেখেছি। আমার নাম আলোচিত হচ্ছে দেখে আমি খুশি হয়েছি।
কর ন্যায়পাল নিয়োগ দেওয়ার বিষয়টি বর্তমান সরকারের প্রতিশ্র“তি ছিল। কর প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার বিশেষ করে অর্থমন্ত্রী এ প্রতিশ্র“তি দিয়েছিলেন।
বর্তমান অডিট ভবনে কর ন্যায়পালের কার্যালয় হবে এবং মহাহিসাব হিসাব নিরীক্ষকের কার্যালয় সরিয়ে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল সংলগ্ন নবনির্মিত ভবনে নিয়ে যাওয়া হবে।
এদিকে কর ন্যায়পাল নিয়োগ সম্পর্কে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজকে বলেন, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে তাদের কর সংক্রান্ত সমস্যা সমাধানে একজন কর ন্যায়পাল নিয়োগের দাবি জানিয়ে আসছিল।
তিনি বলেন, করদাতা ও সরকার উভয়পক্ষের স্বার্থ রক্ষায় কর ন্যাায়পাল নিরপেক্ষতা বজায় রাখবেন বলে আমরা আশা করছি।
