রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরি কাঠামো ১ জুলাই থেকে কার্যকর
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের জন্য গঠিত নতুন মজুরি কাঠামো গত ১ জুলাই থেকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হয়েছে। একইসঙ্গে নতুন মজুরি কাঠামো অনুযায়ী অন্যান্য সুবিধাও বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে সরকার মজুরি কাঠামোর অংশবিশেষ মাত্র কার্যকর করে।
নুতন মজুরি কাঠামো কার্যকর করার লক্ষ্যে রোববার জাতীয় সংসদে ‘উৎপাদন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরি বিধি) বিল ২০০৬’ নামে একটি বিল উত্থাপন করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান সংসদে বিলটি উত্থাপন করেন।
এর আগে জাতীয় মজুরি ও উৎপাদন কমিশন প্রস্তাবিত নতুন মজুরি কাঠামো কিছু সংশোধনীসহ মন্ত্রিপরিষদের অনুমোদন লাভ করে। ২০০৫ সালের ৬ এপ্রিল গঠিত জাতীয় মজুরি ও উৎপাদন কমিশন শ্রমিকদের বেতন-ভাতায় সামঞ্জস্য বিধানের জন্য সরকারের কাছে প্রস্তাব রাখে।
প্রসঙ্গত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ‘উৎপাদন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিক (চাকুরি বিধি) বিল ২০০০’ অনুসারে শ্রমিকদের মজুরি ও অন্যান্য সুবিধা দিয়ে আসছে।
শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করার লক্ষ্যে শিগগিরই তা সরকারি প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে।
