উন্নত দেশগুলো থেকে বাংলাদেশে বিনিয়োগ প্রস্তাব কমে গেছে
বাংলাদেশে উন্নত দেশের বিনিয়োগ প্রস্তাবের পরিমান উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে। গত বছর বাংলাদেশে মোট বিনিয়োগ প্রস্তাবে উন্নত দেশগুলোর অংশ ছিল ২২ ভাগ যা চলতি বছরে তিন শতাংশে নেমে এসেছে বলে বিনিয়োগ বোর্ড সূত্র জানায়।
২০০৫ - ০৬ অর্থবছরের জুলাই থেকে মার্চ মেয়াদে মধ্যে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের সাথে নিবন্ধনকৃত মোট বিনিয়োগ প্রস্তাবের ২ দশমিক ৯৪ শতাংশই ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের। এর আগের অর্থবছরের একই সময়ে মোট বিনিয়োগ প্রস্তাবের ২২ দশমিক ২৭ শতাংশ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের।
বিনিয়োগ বোর্ডের নিবন্ধনকৃত প্রায় ৯৬ টি প্রকল্পে চলতি বছরের নয় মাসে বিনিয়োগ ছিল ২১ হাজার ৬৭২ কোটি টাকা। এর মধ্যে ৩০ প্রকল্পে উন্নত দেশের বিনিয়োগ ছিল ৬৩৭ কোটি টাকা।
বিনিয়োগ বোর্ডের মতে, বিনিয়োগের দিক থেকে সৌদি আরব ১২ হাজার কোটি টাকা বিনিয়োগ করে শীর্ষ অবস্থানে রয়েছে। সংযুক্ত আরব আমিরাত ৮ হাজার কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে রয়েছে দ্বিতীয় অবস্থানে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পরেই যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ভারতের অবস্থান।
গত বছর মালয়েশিয়া ৩১৩ মিলিয়ন মার্কিন ডলার (৫৪ শতাংশ) বিনিয়োগের মাধ্যমে শীর্ষ অবস্থানে ছিল এবং ১৪ শতাংশ বিনিয়োগ অংশের মাধ্যমে পরবর্তী অবস্থানে ছিল কানাডা। বিনিয়োগের দিক থেকে গতবছর যথাক্রমে পরবর্তী অবস্থানে ছিল তাইওয়ান, ফিলিপাইন, যুক্তরাজ্য ও চীন।
যুক্তরাষ্ট্র দীর্ঘ সময় ধরেই বাংলাদেশে বৃহত্তম বিনিয়োগকারী। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন বিদেশি বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে আসছে।
অর্থনীতি বিদরা জানান, উন্নত দেশগুলো থেকে বিনিয়োগের পরিমাণ খুব সীমিত। অন্যদিকে বিনিয়োগ বোর্ড সূত্র জানায়, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অবকাঠামোগত সমস্যা উন্নত দেশগুলো থেকে বিনিয়োগ কমে আসার জন্য দায়ী।
বাংলাদেশ অথনৈতিক সমিতির সভাপতি অধ্যাপক খলিকুজ্জামান আহমেদ বলেন, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের বিনিয়োগকারীরা মূলত এখানকার অনুসন্ধান ক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী।
খলিকুজ্জামান বিডিনিউজকে জানান, যে কারণেই হোক সরকার তেল ও গ্যাস অনুসন্ধানের ক্ষেত্রে নতুন কোনও চুক্তিতে যাচ্ছে না।
তিনি বলেন, হোটেল, রেস্টুরেন্ট এবং পোশাক শিল্পে কিছু বিনিয়োগ আসছে, এসব ক্ষেত্রে বিনিয়োগে উন্নত দেশগুলো তেমন আগ্রহী নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিনিয়োগ বোর্ডের একজন সদস্য জানান, রাজনৈতিক অস্থিরতা এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতা উন্নত দেশের বিনিয়োগ প্রস্তাব কমে আসার মূল কারণ।
