গার্মেন্টস শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় ঘেরাও ৬ জুলাই
গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি বোর্ড থেকে ‘অগ্রহণযোগ্য শ্রমিক প্রতিনিধির’ নাম বাদ দেওয়ার দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ৬ জুলাই শ্রম মন্ত্রণালয় ঘেরাও করবে।
১৬টি গার্মেন্টস শ্রমিক সংগঠন শনিবার এক বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করে।
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক নেতা আমিরুল হক আমিন, মোহাম্মদ তৌহিদুর রহমান, শহীদুল্লাহ স্বপন, সিরাজুল ইসলাম ও সেলিম রেজা।
তারা সরকারের কাছে প্রকৃত শ্রমিক প্রতিনিধি নিয়োগের মাধ্যমে ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানান।
তারা বলেন, শ্রম প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান ৪ জুনের মধ্যে মজুরি বোর্ডে একজন নতুন প্রতিনিধি নিয়োগের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মন্ত্রীর সে আশ্বাস পূরণ হয়নি।
আমিরুল হক আমিন বলেন, বোর্ডের বর্তমান শ্রমিক প্রতিনিধিদের ঢাকা বিভাগের শ্রমিকদের প্রতিনিধিত্ব করার কোনো অধিকার নেই।
সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নামে নাজমা আখতার সম্প্রতি ঢাকা বিভাগের আওতায় রেজিস্ট্রেশন পান। সরকার তাকেই শ্রমিক প্রতিনিধি হিসেবে নিয়োগ করে।
গার্মেন্টস শ্রমিক নেতারা বলেন, আমরা মজুরি বোর্ডে একজনকে মনোনীত করার জন্যে তিনজন শ্রমিক প্রতিনিধির নাম প্রস্তাব করেছিলাম।
এদিকে বোর্ডে ওই প্রতিনিধি থাকার ফলে তারা গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করার পর মজুরি বোর্ডের বিরুদ্ধে যে কেউ রিট পিটিশন দায়ের পারে বলে আশঙ্কা করছেন।
অন্যদিকে বাংলাদেশ গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সেন্টার সম্প্রতি শ্রমিক বিক্ষোভে নেতৃত্ব দেওয়া শ্রমিকদের চাকরি থেকে ছাটাই না করা এবং আন্দোলনের সময় দায়ের করা সকল মামলা তুলে নেয়ার দাবি জানিয়েছে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে তারা এ দাবি জানান।
তারা অবিলম্বে হামিম গ্র“পের দুজন ও তেজগাঁও এলাকার চার শ্রমিকের মুক্তি দাবি করেছেন।
সাংবাদিক সম্মেলনে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন সেন্টারের সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন উপস্থিত ছিলেন।
সেন্টারের উপদেষ্টা মন্টু ঘোষ অভিযোগ করেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্যে হামিম গ্র“পের আতিক ও হারুনের মত বেশ কিছু গার্মেন্টস শ্রমিককে ছাটাই করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকার ও গার্মেন্টস শ্রমিকরা আগামী ১১ দিনের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করলে আমরা আরো কঠিন কর্মসূচি ঘোষণা করব।
