দিনাজপুরে ভরা মৌসুমেও চালের দাম কমছে না
ইরি -- বোরো’র ভরা মৌসুমেও বৃহত্তর দিনাজপুরে চালের দাম কমছে না। এক শ্রেণীর অসাধু মজুদদার ও আমদানিকারকের মিলিত সিন্ডিকেটের কারণেই চালের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগে জানা যায়।
স্থানীয় চাল ব্যবসায়ীরা জানান, চলতি সপ্তাহের শুরুতে বৃহত্তর দিনাজপুরের বাজারে পারি চাল প্রতি বস্তা (৮৪ কেজি) বিক্রি হয়েছে ১৩২০ -- ১৩৮০ টাকা দরে। বর্তমানে এর মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪৪০ -- ১৪৮০ টাকা। পায়জাম মিল চালের মূল্য ছিল ১৫০০ -- ১৫৪০ টাকা যা বর্তমানে ১৫৩০ -- ১৫৬০ টাকা দরে বিক্রি হচ্ছে ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পাইকারী ও খুচরা চাল বিক্রেতা বিডিনিউজকে জানান, স্থল বন্দর হিলিসহ এ অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রের শতাধিক গুদামে কমপক্ষে ২০ হাজার মেট্রিক টন চাল মজুদ রয়েছে। কতিপয় অসাধু ব্যবসায়ী ভারত থেকে চাল আমদানি করে মজুদ রেখে তা কালোবাজারে বিক্রি করছে। এছাড়া স্থানীয় মিলার এবং আড়তদারদের কাছেও প্রচুর চাল মজুদ রয়েছে। কিন্তু তারা চাল আটকে রেখে বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে তা চড়া দামে বিক্রি করছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করছেন পর্যবেক্ষক মহল।
