২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পরিষদ উন্নয়নে বাংলাদেশকে ১১ কোটি ১৫ লাখ ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বিশ্বব্যাংকের কাছ থেকে ইউনিয়ন পরিষদ উন্নয়নে ১১ কোটি ১৫ লাখ মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় সরকার সহযোগিতা প্রকল্পের আওতায় স্বচ্ছ অর্থ বিনিময় পদ্ধতির মাধ্যমে স্থানীয় সরকার মান উন্নয়নের লক্ষে বিশ্বব্যাংক এ ঋণ সরবরাহ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

বিশ্বব্যাংক এবং সরকারের মধ্যে বুধবার ঢাকায় এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইসমাঈল জাবিউল্লাহ এবং ঢাকায় বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন আই ওয়ালিক নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব এসএম জহিরুল ইসলাম এবং ড. হোসেন জিল্লুর রহমান বক্তব্য রাখেন।

স্থানীয় সরকার সহযোগিতা প্রকল্পের অধীনে দেশের মোট ৪ হাজার ৪ শ’ ৮৮ টি ইউনিয়ন পরিষদকে পাঁচ বছরের জন্য থোক বরাদ্দ প্রদান করা হবে। প্রকল্প বাস্তবায়নের প্রথম বছরে ইউনিয়ন পরিষদগুলোর প্রাশাসনিক সক্ষমতা নির্মাণের ওপর জোর দেওয়া হবে। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব পাবে অর্থ ব্যবস্থাপনা ও ক্রয়।

ক্রিস্টিন ওয়ালিক তার বলেন, কার্যকর স্থানীয় সরকার বৃহত্তর রাজনৈতিক অংশ গ্রহণের ক্ষেত্র নির্মাণের পাশাপাশি জনগণের কাছে রাষ্ট্রের ব্যাপকতর জবাবদিহিতার ক্ষেত্র প্রস্তুত করতে পারে।

আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, এ চুক্তি ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়েছে।