মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনার অধীনে ৪টি মন্ত্রণালয়ে ব্যাপক অডিট আপত্তি
মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনার (এমটিবিএফ) অধীনে থাকা দেশের চারটি মন্ত্রণালয়ে ২০০৫ -- ০৬ অর্থবছরে ব্যাপক অডিট আপত্তি পাওয়া গেছে বলে মহা হিসাব নিরীক্ষক (সিএজি) কার্যালয় সূত্র জানিয়েছে। ফলে ‘এমটিবিএফ’ এর মূল লক্ষ্য নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
সরকার এই প্রথমবারের মতো এমটিবিএফ এর অধীনে দেশের কৃষি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ এবং শিক্ষা-- এই চারটি মন্ত্রণালয়ে অর্থনৈতিক ও কর্মসূচিভিত্তিক অডিট পরিচালনা করেছে।
সিএজি সূত্র জানায়, এসব মন্ত্রণালয়ের বাজেট তৈরি থেকে শুরু করে অর্থ বন্টন ও হিসাব রক্ষণ-- প্রতিটি পর্যায়েই দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অর্থনৈতিক অনিয়ম, ক্রয় সংক্রান্ত বিধিমালা লঙ্ঘন, অপরিচ্ছন্ন হিসাব পদ্ধতি এবং সম্পদের অপব্যবহারসহ বিভিন্ন ধরনের অনিয়ম ধরা পড়েছে।
নিরীক্ষা দল দেশের কৃষি মন্ত্রণালয়ের ২০০৫ -- ০৬ অর্থবছরের কর্মকাণ্ডের মধ্যে প্রায় ৫০টি খাতে আপত্তি ধরা পড়েছে। একইভাবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের নিরীক্ষায়ও অনিয়ম ধরা পড়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অডিট রিপোর্টে বলা হয়েছে যে, ‘এমটিবিএফ’--এর বিধি অনুযায়ী মন্ত্রণালয়ের বাজেট তৈরি করা হয়নি এবং এ কাজের জন্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়নি।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে, কৃষি মন্ত্রণালয় আগামী ৩০ জুন শেষ হতে যাওয়া একটি প্রকল্পের (এসএআইপি) জন্যে ৬২ লাখ টাকা ব্যয়ে তিনটি গাড়ি কেনা হচ্ছে।
সূত্র জানায়, ৩০ জন নিরীক্ষকের একটি দল সম্প্রতি তাদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে সিএজি’র কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে।
চলতি ২০০৬-০৭ অর্থবছরে দেশের যোগাযোগ মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ উন্নয়ন, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য ও পরিবার উন্ন্য়ন, স্থানীয় সরকার এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে এমটিবিএফ এর অধীনে আনা হবে।
বিআইডিএস এর নির্বাহী পরিচালক ডাঃ কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, এমটিবিএফ এর কার্যকারিতা ও সুফলকে প্রসারিত করার লক্ষ্যে ২০০৬ - ০৭ অর্থ বছরে এই ছয়টি মন্ত্রণালয়কে এমটিবিএফ এর অধীনে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডাঃ শাহাবুদ্দিন বিডিনিউজকে জানান, দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোকে এমটিবিএফ এর অধীনে আনার সিদ্ধান্তটি খুবই ইতিবাচক। তবে সঠিক দিক নির্দেশনা এবং দক্ষতার অভাবে এর উপকারিতা থেকে বাংলাদেশের জনগণ বঞ্চিত হতে পারে।
সিএজি এর প্রতিবেদন অনুসারে এই চারটি মন্ত্রণালয়ে বার্ষিক সরকারি ক্রয়ের ক্ষেত্রে ‘পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশন (পিপিআর) ২০০৩’ এর কোনো নীতিমালা অনুসরণ করা হয়নি। টেন্ডার মূল্যায়ন কমিটি গঠনের ক্ষেত্রেও পিপিআর নীতিমালা অনুসরন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
প্রতিবেদনে নির্দিষ্ট কৃষকদের মধ্যে সারের ভর্তুকি বন্টনে অনিয়মের অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, সারের আমদানিকারকদের তালিকা প্রস্তুতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সুনির্দিষ্ট কোনো নীতিমালা প্রণয়ন করেনি।
এদিকে এমপিওভুক্ত স্কুলগুলোতে অতিরিক্ত শিক্ষক নিয়োগের নামে প্রতিবছর বিপুল পরিমান টাকা আত্মসাৎ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট একজন নিরীক্ষক জানান। তিনি বলেন, ভিজিডি কার্ড বন্টনেও চরম দূর্ণীতি পাওয়া গেছে। দরিদ্র ও বয়স্কদের মাঝে ভিজিডি কার্ড বন্টনের পরিবর্তে সচ্ছল ও কর্মক্ষম মানুষদের মধ্যে অন্যায়ভাবে এই কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের মধ্যে সরকারি বৃত্তির টাকা নিয়েও দুর্ণীতি পাওয়া গেছে বলে নিরীক্ষক জানান।
