ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৬ কোটি টাকার বাজেট পাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৬--০৭ অর্থ বছরের জন্য ১২৬ কোটি টাকার বাজেট মঙ্গলবার সিনেট অধিবেশনে পাশ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বরাদ্দ ১৬ দশমিক ৫২ শতাংশ বেশি হলেও শিক্ষা সহায়ক খাতে মোট বাজেটের মাত্র ৯ দশমিক ০৯ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে।
কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ আবুল কালাম আজাদ সিনেটের বার্ষিক অধিবেশনে এ বাজেট পেশ করেন। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ।
নতুন অর্থবছরের এ বাজেটে কোন ঘাটতি রাখা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা, জবাবদিহিতা নিশ্চিত করা, আর্থিক স্বচ্ছতা বজায় রাখা এবং অপচয় রোধ করার জন্য প্রথম ফিন্যান্সিয়াল স্ট্যাটিউটও (আর্থিক সংবিধি) সিনেটে পাশ করা হয়।
২০০৬--০৭ অর্থ বছরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ১১৪ কোটি টাকার বরাদ্দ দেবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১২ কোটি টাকাসহ মোট ব্যয় দেখানো হয়েছে ১২৬ কোটি টাকা।
২০০৬--০৭ অর্থবছরের বাজেটের একটি বড় অংশ ব্যয় করা হবে বেতন-ভাতা, বাড়ি ভাড়া, পেনশন ইত্যাদি খাতে। এ অর্থের পরিমাণ ১০৫ কোটি ৪৮ লক্ষ ৬৯ হাজার টাকা। যা মোট বাজেটের প্রায় ৮৩ দশমিক ৭২ শতাংশ এবং গত বছরের তুলনায় ১৬ কোটি ৩৩ লাখ টাকা বেশি। নতুন পে--স্কেল চালু হওয়ায় এ বৃদ্ধি হয়েছে বলে সূত্র জানায়।
শিক্ষা সহায়ক খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে মোট বাজেটের ৯ দশমিক ০৯ শতাংশ। বাজেটে শিক্ষা সহায়ক খাতে গতবারের তুলনায় ১ কোটি ৪৫ লক্ষ ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। এতে গবেষণা খাতে ২৮ লাখ ১৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকদের জন্য বাজেটে ৬৫ লাখ টাকার গবেষণা ভাতা নতুন চালু করা হয়েছে। শিক্ষক প্রশিক্ষণের জন্য বাজেটে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গতবারের তুলনায় ২ লাখ টাকা বেশি। বাজেটে প্রকাশনা ও জার্নালের জন্য ৩৯ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গতবারের তুলনায় ১ লাখ ৬৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। ছাত্রদের সুযোগ-সুবিধার জন্য ২ কোটি ৩৭ লক্ষ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে । যা গতবারের তুলনায় ১৪ লক্ষ ৯০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া সেমিনার, কনফারেন্স এবং কেমিক্যালস ও যন্ত্রপাতির জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া, ২০০৬--০৭ অর্থবছরের বাজেটে চিকিৎসা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭ লক্ষ ৫০ হাজার টাকা। যা গতবারের তুলনায় ৫ লক্ষ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এছাড়া বিভাগীয় চেয়ারম্যানের আপ্যায়ন খাতে ২ লক্ষ ৫০ হাজার টাকা বাড়ানো হয়েছে।
উপাচার্য সভার আপ্যায়ন খাতে ২ লাখ টাকা কমানো হয়েছে।
আনুসঙ্গিক খাতে ব্যয় ২ লাখ ৮৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
এ দিকে, দীর্ঘদিন যাবৎ কেন্দ্রীয় ডাকসু সংসদ নির্বাচন না হলেও ৩ লক্ষ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
