২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালো টাকা সাদা করার শেষ সুযোগ নিতে হুমড়ি খেয়ে পড়েছে কালো টাকার মালিকরা

কালো টাকা সাদা করার শেষ সুযোগ নিতে শত শত মালিকের চাপে হিমশিম খাচ্ছেন আয়কর কর্মকর্তারা। ৩০ জুন পর্যন্ত কালো টাকার মালিকদের তা সাদা করিয়ে নেওয়ার.মেয়াদ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 07:40 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র একটি সূত্র বিডিনিউজকে জানায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে মাত্র ১ হাজার ৩’শ ৯ কোটি কালো টাকা সাদা করা হয়েছে। কিন্তু অর্থবছরের শেষ মাস জুনের প্রথম তিন সপ্তাহে এর পরিমাণ ছিলো প্রায় ১২’শ কোটি টাকা।

এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী মঙ্গলবার বলেন, এ অবস্থা চলতে থাকলে টাকা সাদা করানোর লক্ষমাত্রা ১৫ শ’ কোটি টাকা থেকে দ্বিগুন হয়ে যেতে পারে।

তিনি জানান, অর্থবছর শেষ হওয়ার এক সপ্তাহ আগে পর্যন্ত ইতিমধ্যে ২ হাজার ৫’শ কোটি টাকা সাদা করা হয়েছে।

চলতি বাজেটে কালো টাকার মালিকদের মাত্র ৭ দশমিক ৫ ভাগ শুল্ক প্রদানের মাধ্যমে তাদের টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। যেখানে সাধারণ করদাতারা ১০ থেকে ২৫ ভাগ শুল্ক প্রদান করেন। এ সুবিধা ঘোষণার কারণে মানুষ কালো টাকা সাদা করতে উৎসাহিত হয়।

আগামী ৩০ জুন এর মেয়াদ শেষ হয়ে যাবে বলে শেষ পর্যায়ে এসে শত শত কালো টাকার মালিক মাত্র ৭ দশমিক পাঁচ ভাগ শুল্ক প্রদানের মাধ্যমে তাদের অর্থ বৈধ করে নিতে আয়কর অফিসে ভীড় জমাচ্ছেন।

এনবিআর কর্মকর্তারা জানান, চলতি অর্থবছরের জুলাই--মে মেয়াদে মাত্র ১ হাজার ৩’শ ৯ কোটি টাকা সাদা করা হয় এবং সরকার এর মাধ্যমে শুল্ক বাবদ ৯৮ কোটি টাকা আয় করে। কিন্তু চলতি মাসের মাত্র প্রথম তিন সপ্তাহে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ১২’শ কোটি টাকা।

মেয়াদের মধ্যে কালো টাকার মালিকদের তাদের টাকা সাদা করার সুবিধার্থে ৩০ জুন শুক্রবার সকল কার্যালয় খোলা রাখার নির্দেশ দিয়ে মঙ্গলবার এনবিআর সকল আয়কর জোন ও বৃহৎ করদাতাতা শাখার (এলটিইউ) কাছে পত্র পাঠায়।

এদিকে বৈধ আয়করের চেয়ে কম শুল্ক হারের কারণে অনেক বৈধ আয়কেও কালো টাকা হিসেবে দেখানো হতে পারে বলে এনবিআরের একজন কর্মকর্তা বিডিনিউজের কাছে আশংকা প্রকাশ করেন।

যদি কালো টাকার ক্ষেত্রে কম শুল্ক দিতে হয় তাহলে সাদা টাকার জন্যে আপনি কেন বেশি খরচ করবেন? প্রশ্ন করেন তিনি।